বেঞ্জিন বেঞ্জয়েট- এর কবিতা “বেলা” (শেষ পর্ব)
বেলা (৪)( শেষ পর্ব )
বেঞ্জিন বেঞ্জয়েট
রাতের খাবার কোনমতে খেয়ে
বৈঠক করলো তারা,
তিন মায়ে পুতে রোজগার করে
অভাবকে দিবে তাড়া।
রেলগাড়ী হতে যত আয় হবে
ওইখানে বেঁধে ঘর,
এতিম আমরা এতিমেরে টেনে
আপন করবো পর।
শুরু হলো আয় শুরু হলো টানা
এতিম যাহারা আছে,
প্রতিদিন আসে অনাথ যাহারা
বেলা জননীর কাছে।
সংখ্যা বাড়ার সাথে সাথে তারা
খানিক জমিন কিনে,
ঘর বাঁধা আর পর বাঁধা যত
এক হলো দিনে দিনে।
বিদ্যার্জনে মায়ের আদেশ-তাড়া
আলোকিত হবে মন,
ভালবাসা যেন বিলীন না হয়
এই করো সবে পণ।
উকিল ডাক্তার সব হলো মা’র
মায়ে আজ ভাগ্যবতী,
মানুষ যদি মানুষ হয় সত্যি
থাকে নারে অসঙ্গতি ।




