ঢাকার অন্ধকার রূপ নিয়ে রায়হান রাফী’র ‘ডার্ক সাইড অব ঢাকা’
Bangla Times News:
বর্তমান ও আগের প্রজন্মের ছয় অভিনেতাকে নিয়ে রায়হান রাফী নির্মাণ করছেন ‘ডার্ক সাইড অব ঢাকা’। ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য নির্মিত এ ফিকশনে থাকছে পাঁচটি গল্প।
এতে অভিনয় করেছেন তানজিন তিশা, মনোজ প্রামাণিক, রাশেদ মামুন অপু, তমা মির্জা, শরাফ আহমেদ জীবন ও খায়রুল আলম সবুজ।
রাফী জানান, তিশা ও মনোজ একটি গল্পে অভিনয় করবেন। আর বাকি চারটি গল্পে অভিনয় করবেন রাশেদ মামুন অপু, তমা মির্জা, শরাফ আহমেদ জীবন ও খায়রুল আলম সবুজ।
এর আগে ডিজিটাল মাধ্যমে রাফী প্রকাশ করেন ‘জানোয়ার’। চলচ্চিত্রটি বেশ প্রশংসিত হয়। তিনি বলেন, “জানোয়ার’ প্রকাশের পর সবার আরও কিছু চাওয়া ছিল। আশা করছি ‘ডার্ক সাইড অব ঢাকা’ দর্শকের সেই চাহিদা পূরণ হবে। ঢাকাকে আমরা নানাভাবে দেখেছি। আমাদের নতুন সিনেমায় ঢাকার আরেকটি অন্ধকার রূপ দেখা যাবে।”
ইতিমধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’র দৃশ্যধারণ শুরু হয়েছে। এখনও তা শেষ হয়নি। ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে সিরিজটি মুক্তি পাবে ঈদের সপ্তম বা নবম দিন।
এ ছাড়া রাফীর ‘এইডা কপাল’ নামের আরেকটি শর্টফিল্মের ট্রেলার প্রকাশ হয়েছে অনলাইনে। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা করেছেন মাহিয়া মাহি। এটিও মুক্তি পাবে ঈদে








