গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীরকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি
অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর বিভিন্ন অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তিন সদস্যের মেয়র প্যানেল গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপন বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ভুয়া টেন্ডার, আরএফকিউ, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ও একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং প্রতিবছর হাট-বাজার ইজারার অর্থ যথাযথভাবে নির্ধারিত খাতে জমা না রাখাসহ নানাবিধ অভিযোগ উত্থাপিত হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ অভিযোগসমূহ ক্ষমতার অপব্যবহার, বিধিনিষেধ পরিপন্থী কার্যকলাপ, দুর্নীতি ও ইচ্ছাকৃত অপশাসনের শামিল, যা করপোরেশন আইনের ধারা ১৩ (১) (ঘ) অনুযায়ী অপসারণযোগ্য অপরাধ।
সিটি করপোরেশন আইনের ধারা ১২ (২) অনুযায়ী এ আদেশ প্রাপ্তির তিন দিনের মধ্যে সাময়িক বরখাস্তকৃত মেয়র ক্রমানুসারে মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে অপর আদেশে তিন সদস্যের মেয়র প্যানেল গঠন করে অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এর ধারা ২০ (২) এর বিধান অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশনের তিন কাউন্সিলরের সমন্বয়ে এ প্যানেল গঠন করা হয়।
মেয়র প্যানেলে মনোনীত হয়েছেন ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান কিরন, ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল আলীম মোল্লা ও ১০ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মোসা. আয়েশা আক্তার।
এর আগে বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, প্যানেলে জ্যেষ্ঠতায় এক নম্বরে থাকা ব্যক্তি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, সেখানে মেয়রদের প্যানেল গঠন করা হয়েছে। জ্যেষ্ঠতায় এক নম্বরে যিনি আছেন তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। তার ওপরে দায়িত্ব হস্তান্তর করা হবে।








