ঈদ উপলক্ষে লকডাউনে ৩ দিন ছাড় দিল বাম শাসিত কেরালা, সমালোচনায় সরব বিজেপি
Bangladesh Times Online Desk:
ভারতের বাম শাসিত কেরালা (kerala) সরকারের এক সিদ্ধান্ত নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যে বামেরা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে দাবি করে, সেই বাম শাসিত রাজ্যেই কিনা ঈদের কারণে শিথিল হল লকডাউনের বিধি নিষেধ! মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) এমন সিদ্ধান্তে সমালোচনায় মুখর হয়েছে বিজেপি শিবির।
বর্তমান সময়ে করোনা সংক্রমণের দিক থেকে কেরালা বেশ কয়েক ধাপ এগিয়ে রয়েছে। বাড়তে থাকা সংক্রমণের জেরে সেখানে জারী হয়েছে সাপ্তাহিক লকডাউনও। এমনকি কেরালায় তৃতীয় ঢেউ আসার আশঙ্কায়, সরকারকে সতর্ক করেছে কেন্দ্র। তবে এরই মধ্যে ইদ উপলক্ষ্যে লকডাউন শিথিল করার ঘোষণা করলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
কোরবানি ঈদ উপলক্ষ্যে ১৮, ১৯ এবং ২০ শে জুলাই রাজ্যে লকডাউন শিথিল করা হচ্ছে- এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সেইসঙ্গে আরও বলেছেন, সাপ্তাহিক লকডাউন যেমন চলছে, তেমনই চলবে। তবে ঈদের কারণে শুধুমাত্র রবিবার থেকে পরপর তিনদিন খোলা থাকবে দোকান বাজার। এমনকি ধর্মীয় স্থানগুলিতে একসঙ্গে ৪০ জন করে মানুষ গিয়ে প্রার্থনাও করতে পারবেন।
কেরালা মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পরবর্তীতে কেরল সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছে বিজেপি শিবির। এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন বলেন, ‘লকডাউনের বৈজ্ঞানিক পদ্ধতি মানছে না কেরালা সরকার। ঈদের কারণে টানা ৩ দিন লকডাউনে ছাড় দিয়ে দিল কেরল সরকার। কেরালা সরকারকে বলব, মহামারীকে রাজনৈতিক সুবিধা হিসেবে ব্যবহার না করে, বৈজ্ঞানিক পদ্ধতি, আইসিএমআর এবং ভারত সরকারের গাইডলাইন মেনে চলুন’।





