৬০ বছরের বন্ধুত্ব শেষে ডিএনএ টেস্টে জানা গেল, আসলে তারা আপন ভাই
Bangla Times Desk:
১৯৫০-এর দশকে হাওয়াইয়ের হনলুলুর পুনাহো স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় প্রথম পরিচয় হয় ওয়াল্টার ম্যাকফারলেন ও অ্যালান রবিনসনের। খুব দ্রুতই তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। একসঙ্গে ফুটবল খেলেছেন, জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত ভাগ করে নিয়েছেন।
তবে দুজনের জীবনেই পরিবার নিয়ে কিছু অজানা প্রশ্ন ছিল। ওয়াল্টার কখনোই জানতে পারেননি তার বাবা কে। অন্যদিকে অ্যালান ছিলেন দত্তক সন্তান। মাত্র ১৯ বছর বয়সে তিনি সেই একমাত্র ভাইকেও হারান, যাকে তিনি নিজের ভাই হিসেবে চিনতেন।
বহু বছর পর নিজেদের পারিবারিক ইতিহাস জানার আশায় দুজনই আলাদাভাবে ডিএনএ পরীক্ষা করান। এরপরই সামনে আসে অবিশ্বাস্য তথ্য। পরীক্ষার ফল দেখায়, তাদের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ বায়োলজিক্যাল সম্পর্ক রয়েছে।
পরে নিশ্চিত হওয়া যায়, ওয়াল্টার ও অ্যালানের মা একই। অর্থাৎ, ছয় দশকেরও বেশি সময় ধরে যারা নিজেদের সবচেয়ে ভালো বন্ধু ভাবতেন, তারা আসলে আপন ভাই!
২০১৭ সালের ২৩ ডিসেম্বর পরিবারের বার্ষিক বড়দিনের আয়োজনে এই খবর স্বজনদের জানান তারা। পরিবারের সদস্যরা বিষয়টি জেনে বিস্মিত হয়ে যান।
১১ বছর বয়সে শুরু হওয়া তাদের বন্ধুত্ব ৬০ বছরেরও বেশি সময় টিকে ছিল। তারা একসঙ্গে হেসেছেন, খেলাধুলা করেছেন, জীবনের সুখ-দুঃখ ভাগ করে নিয়েছেন। অথচ এতদিন জানতেনই না, তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের নয়, রক্তেরও।
.
.







