বিশ্বকাপ মিশনে ‘শিক্ষা সফর’ শেষে দেশে ফিরছে টাইগাররা
অনলাইন ডেস্ক:
বিশ্বকাপ মিশনের বাছাই পর্বের শুরুতে স্কটল্যান্ডের সঙ্গে হেরে ধাক্কা খায় বাংলাদেশ দল। এরপর সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেছিলেন ‘এই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে ভালো কিছু করবো’। করেছিলেনও টাইগাররা। বাছাই পর্বের পরের দুই ম্যাচ জিতে জায়গা করে নেয় সুপার টুয়েলভে।
এই শিক্ষা সফর শেষে দেশে ফিরছে বাংলাদেশ দল। তবে পুরো টিম ফিরছেন না। চার ক্রিকেটার থাকছেন ছুটিতে। তারা হলেন-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস এবং তাসকিন আহমেদ।
টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, আজ (শুক্রবার) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এমিরেটস এয়ারলাইন্সে চড়ে দুবাই থেকে দেশের উদ্দেশ্যে জাতীয় দলের ৭ জন ক্রিকেটার ছেড়েছেন দুবাই। তারা রয়েছেন ঢাকার পথে। সেই ৭ ক্রিকেটার হলেন- রুবেল হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শামীম পাটোয়ারী ও নাঈম শেখ। দেশে ফেরা এই দলে আছেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ও চিকিৎসক দেবাশিষ চৌধুরী।








