স্থায়ী হওয়ার সুযোগ দিচ্ছে কানাডা
অনলাইন ডেস্ক:
বিদেশি অস্থায়ী কর্মীদের স্থায়ী নাগরিকত্ব (Permanent Residence বা PR) দেওয়ার নতুন পরিকল্পনা ঘোষণা করেছে কানাডা সরকার। দেশটি জানিয়েছে, ২০২৬ ও ২০২৭ সালে সর্বোচ্চ ৩৩ হাজার অস্থায়ী ওয়ার্ক পারমিটধারী কর্মীকে স্থায়ী নাগরিকত্ব দেওয়া হবে।
এই তথ্যটি উল্লেখ করা হয়েছে ২০২৫ সালের ফেডারেল বাজেটে, যা গত ৪ নভেম্বর পার্লামেন্টে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি নেতৃত্বাধীন লিবারেল সংখ্যালঘু সরকার। সরকারের প্রত্যাশা, এই উদ্যোগ কানাডার অর্থনীতি ও শ্রমবাজারের দীর্ঘমেয়াদি ঘাটতি পূরণে সহায়ক হবে এবং বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।
২০২৬ সালে অস্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৫ হাজার, যা ২০২৫ সালের ৬ লাখ ৭৩ হাজার ৬৫০ জনের তুলনায় প্রায় ৪৩% কম। এর মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে ১ লাখ ৫৫ হাজার করা হয়েছে এবং অস্থায়ী বিদেশি শ্রমিকদের লক্ষ্য ৩৭% হ্রাস করে ২ লাখ ৩০ হাজার নির্ধারণ করা হয়েছে।
২০২৬ সালের জন্য কানাডার মোট স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্য থাকবে ৩ লাখ ৮০ হাজার, যার মধ্যে ৬৪% অর্থনৈতিক ইমিগ্রেশন বিভাগে।
অর্থনৈতিক শ্রেণিতে ২ লাখ ৩৯ হাজার ৮০০ জন, পারিবারিক পুনর্মিলনে ৮৪ হাজার এবং শরণার্থী ও মানবিক ক্যাটাগরিতে ৫৬ হাজার ২০০ জনকে স্থায়ী নাগরিকত্ব দেওয়া হবে।
সরকার জানিয়েছে, এই পরিকল্পনায় অগ্রাধিকার পাবে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলগুলো, যেখানে শ্রমঘাটতি এবং নীতিগত পরিবর্তনের কারণে কর্মসংস্থান ব্যাহত হয়েছে।
নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, “Temporary Foreign Worker Program (TFWP)-কে এমনভাবে পুনর্গঠন করতে হবে, যাতে তা নির্দিষ্ট সেক্টর ও অঞ্চলের প্রকৃত শ্রমচাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।”
যদিও বাজেটে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি, ধারণা করা হচ্ছে International Mobility Program (IMP)–এর আওতায়ই বেশি ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে।
সরকার আরও জানায়, অস্থায়ী বাসিন্দাদের লক্ষ্য কমানো মানে তাদের প্রবেশ বন্ধ করা নয়। কারণ ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নির্ধারিত সংখ্যার মাত্র ৪২% বিদেশি কর্মী ও ২৯% আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় প্রবেশ করেছেন।
বিশ্লেষকদের মতে, এই নতুন পরিকল্পনা কানাডার ইমিগ্রেশন ব্যবস্থায় ভারসাম্য ফিরিয়ে আনা এবং অভ্যন্তরীণ শ্রমবাজারে স্থিতিশীলতা বজায় রাখার একটি বড় পদক্ষেপ হতে পারে








