“স্ত্রী-সন্তান ফেলে ভেগে যাওয়া মহান প্রেমিক ভাইরাল সোহেলের কীর্তি” – মোহাম্মদ ইউনুসের রম্য

মোহাম্মদ ইউনুস:

সোহেল মিয়া বিয়ে করসেন। চার বাচ্চা ফুটাইসেন। বিবাহের ১৫ বছর পর উনি টের পাইলেন স্ত্রীর সঙ্গে বনিবনার অভাব হইতেসে। ফলে লুকিয়ে কিছু জমি বন্ধক দিলেন এবং ধারকর্জ করে তার দায়ভার স্ত্রী ও নাবালক সন্তানদের উপর চাপিয়ে দিয়ে টাকা-পয়সা নিয়ে তিনি পলাতক হলেন।

এরপর, কিংবা এর আগেই টাকার মধ্যে উনি প্রেমিকার সন্ধান পান। অর্থাৎ প্রেমিকার ফোন নাম্বার পেয়ে উনার বুকের বামপাশের ব্যথার উৎস খুঁজে পেয়ে গেলেন।
প্রেমের টানে চাঁপাইনবাবগঞ্জ থেকে ময়মনসিংহ এসে দেখলেন প্রেমিকা বিকলাঙ্গ। তথাপি বুকের বাঁপাশের জোড়া পেয়ে যাওয়ায় উনি বিবাহ করলেন।

যেহেতু উনি নাদান প্রেমিক, তাই ছোট্ট করে একটু মিথ্যাও বললেন। কারণ উনি জানেন যুদ্ধ এবং প্রেমে সব চলবে। তাইতো স্কুলে অষ্টম শ্রেনীর গণ্ডি না ডিঙ্গিয়েও তিনি প্রেমিকার কাছে শিক্ষাগত যোগ্যতা তুলে ধরেন, রাজশাহী ভার্সিটি থেকে স্নাতকোত্তর।

এরপর আরো ১৪ বছর কেটে গেলে এক ভ্যালেন্টাইন্স দিবসের প্রাক্কালে আধুনিক কোন প্রেমিক সাংবাদিকের কাছে হয়ে উঠেন ভ্যালেন্টাইনের এক চরম মূর্তি।
যেন শেক্সপিয়ার থেকে মূর্ত হলেন রোমিও জুলিয়েট। প্রাচীন গাঁথা থেকে বেরিয়ে এলেন লায়লী মজনু,শিরি ফরহাদ।

এ যুগে প্রেম নিয়ে কোন ট্যাবু নেই। তাই প্রেমের বাউলা বাতাসে কিউপিড উড়ে গিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইংসের দরজায় গিয়ে জ্ঞান হারালো।

ইউএনওরাও আজকাল প্রেমটেম ভালো বোঝেন। স্থানীয় ইউএনও তাই দ্রুত ছুটে গেলেন তাদের ভালোভাবে প্রেম করতে আর কী কী দরকার জানতে।শুরু হলো কিউপিডের মোহজাল বিস্তার। সারাদেশ মেতে উঠলো প্রেমে।

এহেন মোক্ষম সময়ে নির্ঝরের দুঃস্বপ্ন হয়ে দেখা দিল অনুসন্ধানী সাংবাদিকের বেরসিক কাজকর্ম। তারা খুঁজে বের করে ফেলল, চাঁপাই নবাবগঞ্জে প্রেমিকের প্রথম স্ত্রীকে। তার সন্তানদেরকে। যারা কীনা তার বন্ধক দেয়া জমি ছুটিয়ে, ধারকর্জ পরিশোধ করে নিজেদের জীবন নিজেরা চালাতে শিখে গেছে। শিখে গেছে চার সন্তান পিতাকে ছাড়া বাঁচতে। স্ত্রীও শিখেছে জীবনের যুদ্ধটা জয় করতে।

এখন?
এখন প্রেমে মাতাল বাংলাদেশের মানুষ চায় এক পলাতক স্বামীকে মহান প্রেমিক বানিয়ে প্রেমের সমাধি রচনা করতে। থুক্কু, প্রেমের আইফেল টাওয়ার বানাতে।
হোক। প্রেমের আইফেল টাওয়ারই হোক । যার গায়ে লেখা থাকবে স্ত্রী সন্তান ফেলে ভেগে যাওয়া মহান প্রেমিক সোহেলের নাম। মরার আগে উন্নত দেশে একটা প্রেমের আইফেল টাওয়ার দেখেই নাহয় মরি।

-মোহাম্মদ ইউনুসের ফেসবুক ওয়াল থেকে

Share This:
You might also like