স্কুলের বেঞ্চ দিয়ে চৌকি বানিয়ে শ্রেণিকক্ষে সপরিবারে বসবাস

অনলাইন ডেস্ক:

স্কুলের শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন স্থানীয় বাসিন্দা মোশারেফ হোসেন। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৭১ নং নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

করোনাকালে স্কুলটি বন্ধ থাকার সুযোগে তিনি ওই কক্ষে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু, গত ১২ সেপ্টেম্বর থেকে স্কুলটি খুলে দেয়া হলেও তিনি দখল ছাড়েননি।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে পরিবার নিয়ে বসবাস করছেন মোশারেফ হোসেন। কিছু বেঞ্চ একত্রিত করে বানিয়েছেন দু’টি চৌকি। কিছু বেঞ্চ একত্রিত করে রেখেছেন গৃহস্থালীর মালামাল। রান্নার জন্যে বারান্দার এক কোনে চুলা বসানো হয়েছে। সেখানে তিনি ও তার স্ত্রী থাকছেন।

বিদ্যালয়ের কর্মরত ৪ জন শিক্ষকের মধ্যে সহকারী শিক্ষকরা উপস্থিত থাকলেও প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামকে স্কুলে পাওয়া যায়নি।

মুঠোফোনে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকায় ইউপি চেয়ারম্যানের অনুরোধে তাকে এখানে থাকতে দেওয়া হয়েছে।

মোশারেফ হোসেন জানান, তার দাদা বিদ্যালয়ের জমিদাতা। কিন্তু, তার নিজস্ব কোনো জমি না থাকায় ইউপি চেয়ারম্যানের কাছে একটি ঘর চেয়েছিলেন। তিনি ঘর দিতে না পেরে এখানে থাকতে দিয়েছেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মিলন মাঝি বলেন, আমি কিছু জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, স্কুলের রুমে এভাবে থাকতে দেয়া বিধিসম্মত নয়। এ বিষয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং শিগগির বিদ্যালয়ের রুমটি দখলমুক্ত করা হবে।

 

Share This:
You might also like