‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা’র ইন্তেকাল

Bangla Times Desk:

বিশিষ্ট কবি, গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা এবং ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রোববার (০৪ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ফজল-এ-খোদার বড় ছেলে ওয়াসিফ-এ-খোদা তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকাল ১১টায় রায়েরবাজার কবরস্থান মসজিদে জানাজা শেষে সেখানেই তার বাবাকে দাফন করা হবে।

‘সালাম সালাম হাজার সালাম…’ গানের রচয়িতা ছিলেন ফজল-এ-খোদা। এটি ছাড়াও তিনি বহু কালজয়ী গানের গীতিকার। এর মধ্যে উল্লেখযোগ্য-‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কতো, আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’, ‘প্রেমের এক নাম জীবন’ ইত্যাদি।

তিনি বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন ১৯৬৩ সালে। ১৯৬৪ সালে টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন।

Share This:
You might also like