‘সব প্রস্থান বিদায় নয়’ পোস্ট দিয়ে ফাঁস নিলেন আবৃত্তি শিল্পী
অনলাইন ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সব প্রস্থান বিদায় নয়’ পোস্ট দিয়ে শামসুন্নাহার নিপা (২৫) নামের স্বর্ণপদকজয়ী এক আবৃত্তি শিল্পী আত্মহত্যা করেছেন।
বুধবার (৩ আগস্ট) সকালে নিজ কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শামসুন্নাহার নিপা বরিশাল নগরীর উত্তর মল্লিক রোডের জাহান ম্যানসনের একটি কক্ষে ছোট বোনকে নিয়ে ভাড়া থাকতেন। তার বাবার নাম ফজলুল করিম। তিনি বরিশাল জেলা উদীচীর সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন।
নিপা বেসরকারি গ্লোবাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেন। তিনি বরিশাল নাটকের কবিতার ক্লাসের সদস্য ছিলেন। আবৃত্তিতে বিশেষ অবদান রাখায় ২০২২ সালে জিয়াউল হক স্বর্ণপদক লাভ করেন।
নিপরা স্বজনরা জানান, নগরীর উত্তর মল্লিক রোডের জাহান ম্যানসনের একটি কক্ষে ছোট বোন ডালিয়াকে নিয়ে ভাড়া থাকতেন নিপা। তবে বেশ কয়েকদিন ধরে মানসিকভাবে বিষণ্ন ছিলেন।
স্বজনরা আরও জানান, আত্মহত্যার আগে নিপা নিজের ফেসবুক আইডি থেকে দুটি পোস্ট দিয়েছিলেন। যার একটিতে লিখেছেন ‘সব প্রস্থান বিদায় নয়’।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিপার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বরিশাল উদীচীর সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, নিপার মৃত্যুতে আমরা শোকাহত। যতদূর জানা গেছে হতাশা থেকে নিজের কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।








