শোয়েব আখতারের বলে ভেঙে যায় পাঁজর, না জেনেই খেলা চালিয়ে যান শচিন
Bangla Times News Desk:
দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে একাধিকবার চোটের কবলে পড়েছেন শচিন টেন্ডুলকর। তবে কখনও হার না অদম্য জেদেই অতিক্রম করেছেন সব বাধা। তবে একবার শোয়েব আখতারের বলে তাঁর পাঁজর ভাঙার বিষয়ে অবগতই ছিলেন না লিটল মাস্টার।
ময়দানে ভারত-পাকিস্তান দ্বৈরথে একাধিকবার মুখোমুখি হয়েছেন শোয়েব আখতারের। তবে ২০০৭ সালে পাকিস্তানের ভারত সফরে আখতারের বল তাঁর পাজড় ভেঙে দেওয়ার পরেও না জেনেই খেলা চালিয়ে যান শচিন। সেই সিরিজের পর অস্ট্রেলিয়া সফরে ওই আঘাত নিয়েই ঐতিহাসিক ত্রিদেশীয় জেতান শচিন। সেই ঘটনার কথা নিজেই জানিয়েছেন তিনি।
আনএক্যাদেমির হয়ে বক্তব্য পেশ করতে গিয়ে পুরনো স্মৃতি হাতড়ে শচিন বলেন, ‘২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় শোয়েব আখতারের একটি বল আমার পাঁজরে লাগে। প্রায় এক-দুমাস ব্যাথায় আমি ঠিক করে ঘুমোতে পারতাম না। কিন্তু সেই অবস্থাতেই আমি নিজের খেলা চালিয়ে যাই এবং নিজেই নিজের রিব গার্ডের নকশা তৈরি করি। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ শেষ করে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই আমি সব ম্যাচ খেলতে থাকি। তবে অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে কুঁচকির চোটের কারণে আমি আমার সারা শরীর স্ক্যান করার সিদ্ধান্ত নিই। সেই সময়ই আমার ডাক্তার আমায় পাঁজর ভাঙার বিষয়ে জানায়।’



