ফাইনাল দেখতে জিততে হবে লটারি

Bangla Times News Desk:

করোনাভাইরাসের কারণে পাল্টে গেছে যাপিত জীবনের অনেক কিছুই। এখন আর সেই স্বাভাবিক জীবনের ছোঁয়া নেই কোথাও। সব কিছু স্বাভাবিক করার কতো যে চেষ্টা চলছে, কিন্তু হচ্ছে কোথায়? ক্রিকেট মাঠে দর্শক ছাড়াই চলছে খেলা। আসছে জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে অবশ্য নিরাশ হতে হচ্ছে না ক্রিকেটপ্রেমীদের।

তবে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার সেই ফাইনাল দেখতে হলে অংশ নিতে হবে ভাগ্য পরীক্ষায়। অভিনব পদ্ধতিতে টিকিট সংগ্রহ করতে হবে। লটারির মতো করে বাছাই হবে দর্শক। খেলা দেখতে ইচ্ছুক যারা তাদের আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

ইংল্যান্ডের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে মাঠে দর্শকদের প্রবেশাধিকার দেওয়ার ক্ষেত্রে এক অভিনব পথে হাঁটছে ইসিবি ও আইসিসি। করোনার কারণে করোনার কারণে লর্ডসের বদলে সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে ফাইনাল। মাঠের লড়াই শুরু ১৮ জুন। যেখানে গ্যালারিতে স্বল্প সংখ্যক দর্শকদের প্রবেশাধিকার থাকবে।

জানা গেল অভিনব পদ্ধতির মধ্যে দিয়ে করতে হবে টিকিট সংগ্রহ। ব্যালটের মাধ্যমে এই প্রক্রিয়া অনেকটা লটারির মতো। আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে শুরুতে করতে হবে আবেদন। যাদের আবেদন গৃহীত হবে শুধু তারাই কিনতে পারবেন টিকিট। অবশ্য ইংল্যান্ডের বাইরে অন্য দেশে থাকেন তেমন সমর্থকরা খেলা দেখতে পারবেন না।

আইপিএল শেষ হলেই বিরাট কোহলির দল উড়ে যাবে ইংল্যান্ডে। একই ফ্লাইটে তাদের সঙ্গে থাকবেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও।

Share This:
You might also like