শিক্ষার্থীদের সুদবিহীন ঋণ পেতে আবেদন সময় বাড়ালো ঢাবি
Bangla Times News Desk:
করোনার কারণে স্থবির সব ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা। শিক্ষা কার্যক্রম চলছে অনলাইনে। এই অনলাইন শিক্ষা কার্যক্রমে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সে লক্ষ্যে সুদবিহীন ঋণ দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১৫ জুন) ‘সফট লোন’ আবেদনের সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে আগামী ২০ জুন পর্যন্ত আবেদনের সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাব পরিচালক মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ২০ জুনের মধ্যে বিভাগ/ইনস্টিটিউটের মাধ্যমে আবেদনকৃত শিক্ষার্থীদের তথ্য সরবরাহের জন্য অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এন্ড্রয়েড ডিভাইস বা স্মার্টফোন কেনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আর্থিকভাবে অসচ্ছল প্রায় সাড়ে ৮ হাজার শিক্ষার্থীকে এ ঋণ দিবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা ২০২০-এর আলোকে করোনা মহামারীর ( কোভিড-১৯) কারণে অনলাইন শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে কিছু শর্তসাপেক্ষে এই ‘সফট লোন’ দেয়া হবে।
এর আগে গত ৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে ‘সফট লোনে’র জন্য আগ্রহীদের থেকে আবেদন চাওয়া হয়েছিল। শিক্ষার্থীরা যাতে নিজেদের প্রয়োজন হিসেবে লোনের জন্য আবেদন করতে পারে সে জন্য অতিরিক্ত এই সময় দেয়া হয়েছে বলে জানান হিসাব পরিচালক।
যেসব শর্তে ‘সফট লোন’ পাবেন
আবেদনকারীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অস্বচ্ছল শিক্ষার্থী যাদের নাম ‘শিক্ষার্থী ‘সফট লোন’ তালিকায় অর্ন্তভূক্ত আছে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবেন। ঋণের সর্বোচ্চ সিলিং ৮ হাজার টাকা, যা সুদমুক্ত। উক্ত টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীর ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে।
শিক্ষার্থীদের সোনালী ব্যাংক লিঃ/জনতা ব্যাংক লিঃ/অগ্রণী ব্যাংকসহ বাংলাদেশের যে কোন তফসিলি ব্যাংকের যেকোন শাখায় নিজ নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে। তবে যাদের ব্যাংক একাউন্ট নেই তারা বাংলাদেশের যে কোন তফসিলি ব্যাংকের যে কোন শাখায় ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।
উল্লেখ্য, সোনালী ব্যাংক লিঃ এর হিসাব খোলার জন্য একটি Sonali eSheba অ্যাপস রয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই কোন রকম চার্জ ব্যতীত হিসাব খুলতে পারবেন এবং ঋণের অর্থ উত্তোলন করতে পারবেন।
২০ জুনের মধ্যে ‘শিক্ষার্থীদের সফট লোন’ তালিকায় নিবন্ধিত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.du.ac.bd এর অর্ন্তভূক্ত Du Forms এর অন্তস্থ ‘শিক্ষার্থীদেও সফট লোন’ নামক আবেদন ফরম ডাউনলোড করে পূরণের পর স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউট এর চেয়ারম্যান/পরিচালকের নিকট প্রেরণ করতে হবে। আবেদন ফরম প্রেরণের বিষয়ে নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট এ যোগাযোগ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা যাচ্ছে।
সংশ্লিষ্ট শিক্ষার্থীকে এন্ড্রয়েড ডিভাইস বা স্মার্টফোন ক্রয়ের ভাউচারটি বিভাগ/ইনস্টিটিউট এ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। বিভাগ কর্তৃক ভাউচারগুলি একত্রীকরণ করে ‘সফট লোন’ অনুমোদন কমিটি’র সদস্য-সচিব উপ-হিসাব পরিচালক (লোন) কক্ষ নং ১২৩/ক, প্রশাসনিক ভবন এ জমা দিতে হবে।
ঋণের অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে এককালীন অথবা সর্বোচ্চ ৪টি সমান কিস্তিতে হিসাবের শিরোনাম ‘শিক্ষার্থীদেও সফট লোন’ হিসাব নং ৪৪০৫৭০২০০১১৪৯ সোনালী ব্যাংক লি., ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কর্পোরেট শাখায় পরিশোধ করতে হবে। (জমার রশিদ কক্ষ নং ১২৩/ক, উপ-হিসাব পরিচালক (লোন) প্রশাসনিক ভবন এ জমা দিতে হবে।
ঋণের সম্পূর্ণ অর্থ ফেরৎ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোন ট্রান্সক্রিপ্ট ও সাময়িক/মূল সনদ ইস্যু করা হবে না।




