শরীরের ‘পাওয়ার হাউজ’ লিভার সুস্থ থাকে যেসব খাবারে
অনলাইন ডেস্ক:
খাটি বাংলায় বলে যকৃৎ, চলতি বাংলা কলিজা। ইংরেজিতে বলে লিভার। মানবদেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। লিভারকে বলা হয় শরীরের ‘পাওয়ার হাউজ’। কারণ এটা আমাদের পুষ্টি জোগায়, এনার্জি দেয়, খাবার হজমে সাহায্য করে।
তাই সুস্থ থাকতে গেলে, পেট ভালো রাখতে চাইলে অবশ্যই লিভারের যত্ন নেওয়া প্রয়োজন। কারণ শরীরের সমস্ত শক্তি লিভার থেকেই আসে। কিন্তু কীভাবে ভালো রাখবেন শরীরের পাওয়ার হাউজ লিভার? উত্তর হলো, নিয়মিত শরীর চর্চা তো করতেই হবে, পাশাপাশি পরিচিত কিছু খাবারেও সুস্থ থাকবে লিভার।
যেসব খাবারে ভালো থাকবে লিভার
গমের শাক: লিভার ভালো রাখতে নিয়মিত গমের শাক খাওয়া উচিত। কারণ গমের শাকে থাকে প্রচুর পরিমাণে ক্লোরোফিল। এটা শরীর থেকে টক্সিন দূর করে। লিভার ভালো রাখে।
বিটের রস: লিভারকে যেকোনো রকম ইনফ্লেমেশনের হাত থেকে বাঁচায় বিটের রস। কারণ এতে আছে বেটালাইন্স। এটি এক প্রকার অ্যান্টি অক্সিডেন্ট। শরীর থেকে টক্সিন দূর করতেও এটি সাহায্য করে থাকে।
লাল আঙুর: এই ফলটিতে রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট। লাল আঙুরে যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে সেটি হলো রেসভেরাট্রল। একই কাজ করে বাতাবি লেবু। ফলে এই দুটি ফল খেলে লিভার ভালো থাকবে।
বাদাম: ওমেগা ৩ এবং ওমেগা ৬-এ পরিপূর্ণ বাদাম। এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড। এটা লিভারের যে কোনো সমস্যা কমাতে সাহায্য করে। একই সঙ্গে লিভারজনিত রোগও দূরে রাখে।








