মোস্তাফিজকে বাদ দিল কলকাতা নাইট রাইডারস
স্পোর্টস ডেস্ক
আশঙ্কাই সত্যি হলো। ভারতের উগ্রবাদী সংগঠনগুলোর তীব্র চাপ আর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনড় অবস্থানের কারণে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে। আজ শনিবার (৩ জানুয়ারি) ফ্র্যাঞ্চাইজিটি তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
গত কয়েকদিন ধরেই ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছিল। এমনকি কেকেআর মালিক শাহরুখ খানকে হুমকি দেওয়ার পাশাপাশি স্টেডিয়াম ভাঙচুরের হুঁশিয়ারিও দিয়েছিল তারা। এই পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিসিআই কেকেআর কর্তৃপক্ষকে নির্দেশ দেয় মোস্তাফিজকে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়ার জন্য।
বিসিসিআইয়ের নির্দেশনার পর আজ কেকেআর কর্তৃপক্ষ এক বিবৃতির মাধ্যমে জানায়, তারা মোস্তাফিজুর রহমানকে দল থেকে রিলিজ করে দিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির প্রভাব মাঠের ক্রিকেটে পড়ায় ফ্র্যাঞ্চাইজিটি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিসিসিআই ইতিমধ্যে কেকেআরকে মোস্তাফিজের পরিবর্তে অন্য কোনো বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার অনুমতিও দিয়েছে।
এবারের আইপিএল নিলামে মোস্তাফিজকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছিল। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড মূল্যে তাকে দলে নিয়েছিল কলকাতা। এটি ছিল আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক। দীর্ঘ আট মৌসুম ধরে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে সুনামের সঙ্গে খেলা এই পেসারের জন্য এবারের আসরটি হতে পারত ক্যারিয়ারের অন্যতম সেরা অধ্যায়। কিন্তু রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে মাঠের লড়াইয়ে নামার আগেই তার সেই স্বপ্নের ইতি ঘটল।
মোস্তাফিজকে বাদ দেওয়ার এই সিদ্ধান্তে ক্রিকেট বিশ্বে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুরের মতো ব্যক্তিত্বরা এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছিলেন, ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো অনুচিত। তবে বিসিসিআই এবং কেকেআর শেষ পর্যন্ত উগ্রবাদী গোষ্ঠীগুলোর দাবি এবং ‘নিরাপত্তা’ ইস্যুকেই প্রাধান্য দিয়েছে।




