ভারত-আফগানিস্তান ‘ম্যাচ পাতানো’ নিয়ে যা বললেন শোয়েব আখতার

অনলাইন ডেস্ক:

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আফগানিস্তান ম্যাচকে ঘিরে শুরু হয়েছে অদ্ভুত এক দাবি। অনেকেই বলছেন, গতকালের ম্যাচটি নাকি পাতানো ছিল। কিন্তু এখন পর্যন্ত সাধারণ দর্শকরাই এমন দাবি করেছেন। কোনো ক্রিকেটবোদ্ধা নন। সেই সমর্থকদের উদ্দেশ এবার পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার টুইটারে লিখেছেন, ‘এই ক্রিকেট ম্যাচটিকে পূর্বপরিকল্পিত কিংবা পাতানো বলা বন্ধ করুন। এটা কেবলই বাজে দিকটাই ফুটিয়ে তুলবে। আমি আফগানিস্তান ও ভারত উভয়ের পাশে আছি।’

আফগানিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে ভারত বড় ব্যবধানে জয় পেয়েছে। শুরুতে ব্যাট করে ভারত ২১০ রান তোলে ২ উইকেট হারিয়ে, জবাবে আফগানিস্তান পুরো ২০ ওভার ব্যাট করে ১৪৪ রান তোলে। পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ম্যাচে আফগানিস্তানের ক্রিকেটারদের খেলা, মাঠে বেশ কিছু সিদ্ধান্ত, একাদশ সাজানো এবং টস করে আফগানিস্তানের বোলিং নেওয়া নিয়ে প্রশ্ন তোলে। যার মধ্যে পাকিস্তানের গায়িকা মোমেনা মোস্তাসেনাও আছেন।

কিন্তু শোয়েব আখতার নিজের ইউটিউব পেইজে একটি ভিডিও আপলোড দিয়ে বলেছেন, ‘অনেকেই হতাশ হয়েছেন, হতাশ হতেই পারেন। ভারতের জন্য এখনো সুযোগ আছে। ভারত খুবই ভালো খেলেছে। এই সহজাত ক্রিকেটটাই খেলা দরকার ছিল ভারতের। দুই-তিন জায়গায় মনে হতে পারে আফগানিস্তানের ব্যাটিং ভালো করা উচিত ছিল, বোলিং ভালো করা উচিত ছিল।”

মুজিব উর রহমান দলে নেই কেন- এটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। শোয়েব বলেছেন, তিনি তো আগে থেকেই ইনজুরিতে ছিলেন, হয়তো গোটা টুর্নামেন্টেই মাঠে নামা হবে না তার। অনেকে প্রশ্ন তুলেছেন, মোহাম্মদ নবি কেন মাত্র একটি ওভার করলেন। শোয়েব আখতারের মতে, আফগানিস্তানের ওপর এভাবে জোরালো অভিযোগ আনাটা ঠিক না। ওখানে শরিয়া আইন আছে, বড় শাস্তির ঘোষণাও দিয়ে দিতে পারে সেখানে।

তিনি বলেছেন, আফগানিস্তান বিশ্বের অন্যতম সেরা দলের মুখোমুখি হয়েছে। আফগানিস্তান তত ভালো খেলেনি এটা ঠিক, কিন্তু ভারত শক্তিশালী দল। শোয়েব আখতার মনে করেন, আফগানিস্তান ও ভারতের জন্য পুরো টুর্নামেন্টই এখন পড়ে আছে। যেকোনো কিছু হতে পারে। ভারতের ক্রিকেট ব্যক্তিত্ব আকাশ চোপড়াও ম্যাচ কিনে নেওয়ার অভিযোগটি নিয়ে একটি টুইট করেছেন, যেখানে তিনি লিখেছেন, ‘সংকীর্ণ মনগুলোর মুখ যদি বন্ধ থাকত।’

– বিবিসি বাংলার প্রতিবেদন অবলম্বনে

Share This:
You might also like