বিদেশে শিক্ষার খরচ পাঠানো যাবে আন্তর্জাতিক কার্ডে

Bangla Times Desk :

বিদেশে উচ্চশিক্ষার টিউশন ফি ও অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো শিক্ষার্থীদের বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ফি পরিশোধের জন্য ডেবিট, প্রিপেইড বা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে।

সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয় ও ভর্তি-সংক্রান্ত প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে শিক্ষা ব্যয় পরিশোধের বাড়তি চাহিদার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিক্ষার্থীর নামে অথবা তাঁর শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে এসব কার্ড ইস্যু করা যাবে। কার্ডের মাধ্যমে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি এবং অন্যান্য অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধ করা যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শিক্ষা-সংক্রান্ত এসব লেনদেন আলাদাভাবে বিবেচনা করা হবে। অর্থাৎ, এ ধরনের পরিশোধ বিদ্যমান ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার আওতায় গণনা করা হবে না।

তবে কার্ড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ন্ত্রক বিধিবিধান ও আনুষ্ঠানিকতা অনুসরণ করতে হবে। এডি ব্যাংকগুলোকে নির্ধারিত সময়সীমার মধ্যে শুধু অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত পরিশোধেই কার্ড ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
এ ছাড়া লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ এবং নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে সব লেনদেনের তথ্য প্রতিবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Share This:
You might also like