মৃত্যু পথযাত্রী করোনা রোগীর উদ্দেশে ভিডিও কলে গান ছেলের, রেকর্ড করলেন চিকিৎসক

Bangla Times News Desk:

হাসপাতালের শয্যায় শুয়ে থাকা কোভিড আক্রান্ত মৃত্যু পথযাত্রী মায়ের সঙ্গে শেষ বারের মতো কথা বলতে চেয়েছিলেন ছেলে। সেই ইচ্ছা পূরণ না হলেও মাকে শেষ বারের মতো শোনানোর জন্য ভিডিয়ো কলে একটি গান গেয়েছিলেন। দিল্লির ওই হাসপাতালের চিকিৎসক দীপশিখা ঘোষ রেকর্ড করে রেখেছিলেন সেই ভিডিয়ো। বিভিন্ন নেটমাধ্যমে তা ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।

দীপশিখা টুইটারে সেই ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, ‘আজ আমার শিফট শেষের পথে। এই ভিডিয়োটি আমার রোগীর আত্মীয়ের করা কল। আত্মীয়রা চাইলে আমরা হাসপাতালে এর ব্যবস্থা করি। ওই রোগীর ছেলে তার মৃত্যু পথযাত্রী মায়ের জন্য ভিডিয়ো কলে একটি গান গেয়েছিলেন। আমি তা রেকর্ড করেছিলাম’।

ভাইরাল হওয়া ভিডিয়োতে শোনা যাচ্ছে, মায়ের জন্য সত্তরের দশকের জনপ্রিয় হিন্দি ছবি ‘আ গলে লাগ যা’-র গান ‘তেরা মুঝসে হ্যায় পহেলা কা নাতা কোয়ি’ গাইছেন ছেলে। দীপশিখা টুইটারে জানিয়েছেন, ভেন্টিলেটর-ডায়ালিসিস ইউনিটের কাচের দরজার বাইরে থেকে মায়ের দিকে তাকিয়ে গানটি গাওয়ার সময় ছেলের পাশে চুপ করে দাঁডি়য়েছিলেন নার্সরা। তিনি পুরো গানটি মোবাইলে রেকর্ড করেন। সকলেরই চোখে তখন জল এসে গিয়েছিল। শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই মহিলার। চিকিৎসক দীপশিখার কথায়, ‘ওই গানের মানেটা এখন আমাদের হাসপাতালের অনেকের কাছেই বদলে গিয়েছে। অন্তত আমার কাছে তো বটেই’।

Share This:
You might also like