Love you zindagi: জীবনকে ভালোবাসার বার্তা দিয়ে চলে গেলেন সেই তরুণী!
Bangla Times News Desk:
শেষরক্ষা হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তরুণীর অদম্য প্রাণশক্তির ভিডিও। কিন্তু তবুও করোনা কেড়ে নিল তাঁর প্রাণ। ভারতের রাজধানী দিল্লীর এক হাসপাতালের বিছানায় বসে, মুখে অক্সিজেন মাস্ক লাগিয়েই Love you zindagi গানের সঙ্গে তাল মেলাচ্ছিলেন। শুক্রবার সেই তরুণীর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তরুণীর মৃত্যুতে শোকাহত অভিনেতা সোনু সুদও। সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করলেন তিনি।
তরুণীর মৃত্যুর খবর প্রকাশ করেন ডাক্তার মনিকা লঙ্ঘে ৷ তিনি লেখেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি…আমরা একজন সাহসী মেয়েকে হারালাম ৷ ওম শান্তি ৷ ওঁর পরিবারের জন্য আমরা সবাই মিলে প্রার্থনা করি।” সেই টুইট শেয়ার করে সোনু লেখেন, খুব দুঃখজনক। একবারও ভাবিনি এই তরুণী আর তার পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পাবে না। জীবন খুব অনিশ্চিত। কত মানুষের বাঁচার কথা ছিল কিন্তু তাঁরা চলে গেলেন। আমাদের জীবন আগামীতে যতই স্বাভাবিক হয়ে যাক আমরা এই ভয়ঙ্কর পর্যায় থেকে কখনও বেরোতে পারব না।
তরুণী দিল্লির এক হাসপাতালে ছিলেন। সেখান থেকেই ভিডিওটি হয়েছিল যা বহু মানুষকে অনুপ্রাণিত করেছিল। অনেকেই অসুস্থ অবস্থাতে বাঁচার শক্তি পেয়েছিলেন ৩০ বছরের সেই তরুণীকে দেখে। চিকিৎসক মনিকাই সেই ভিডিও শেয়ার করেছিলেন। তাঁর চিকিৎসায় উন্নতিও হচ্ছিল তরুণীর। কিন্তু ২দিন যেতেই এল দুঃসংবাদ।
প্রথমে তরুণীর জন্য আইসিউ বেড পেতে সমস্যা হচ্ছিল। গত ১৫ দিন ধরেই তিমি ভুগছিলেন। অবশেষে যখন আইসিইউ বেড পাওয়া যায় ততক্ষণে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করেছে। সকলকে প্রার্থনা করতে বলেছিলেন চিকিৎসক। রেমডেসিভির, প্লাজমাথেরাপি সবই দেওয়া হয়েছিল তাঁকে। শনিবার তিনি গান শুনতে চেয়েছিলেন। কিন্তু জীবনের প্রতি ভালাবাসার বার্তা দিলেও। জীবন তাঁর সঙ্গে সুবিচার করল না।




