বউয়ের গয়না বেচে নিজের অটোকেই অ্যাম্বুলেন্স বানালেন তিনি

Bangla Times News Desk:

পুরো ভারতজুড়ে  প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পরিস্থিতি। হাসপাতালে মিলছে না শয্যা, পর্যাপ্ত অক্সিজেনের অভাব। দিনে দিনে রেকর্ড হারে মানুষজন আক্রান্ত হচ্ছেন। সংক্রমণের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে ঊর্ধ্বমুখী মৃতের সংখ্যাও। এমন উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা।

ঠিক তখনই উঠে আসছে একেরপর এক মানবিক দৃশ্য। করোনা বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসছেন আমজনতারাই। ঠিক তেমনই চিত্র দেখতে মিলল মধ্যপ্রদেশের ভোপালের রাস্তা থেকে। সেখানে এক ব্যক্তি বউয়ের গয়না বেচে নিজের অটোকে বানিয়ে ফেললেন অ্যাম্বুলেন্স। জানালেন, করোনা রোগীদের জন্যই এটি বানালেন তিনি। মূলত রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার স্বার্থেই এই প্রশংসনীয় পদক্ষেও তাঁর। এমনকি তাও আবার বিনামূল্যে।

ওই অটোচালক জানালেন, ‘করোনা আবহে মানুষের অবস্থা দেখে তাঁর মন মোটেও ভাল নেই, তিনি মানুষকে সাহায্য করতে চান, তাই রাতারাতি বউয়ের গয়না বেচে নিজের অটোকে বানিয়ে ফেললেন অ্যাম্বুলেন্স। বিনা পয়সায় তিনি আক্রান্ত রোগীদের পৌঁছে দিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। এই অটো চালক জাভেদ খান এও জানালেন যে, এখনও পর্যন্ত তিনি ৯ জন সংকটাপন্ন রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। এমনকি ওই অটোর মধ্যেই তিনি ব্যবস্থা করেছেন অক্সিজেনের।

Share This:
You might also like