বাংলাদেশে মেসি’র দাম উঠেছে ৪ লাখ, মালিক চান ১০ লাখ

বাংলাটাইমস অনলাইন :

এক বছর আগে শখ করে কিনেছিলেন গরুটি। চার বছর বয়সের ষাঁড়ের উচ্চতা ২৭ ইঞ্চি, লম্বা ২৪ ইঞ্চি। দেখতে খর্বাকৃতির হলেও ছুটে চলেন ক্ষিপ্র গতিতে। মালিক আর্জেন্টাইন সমর্থক তাই আদরের ষাড়টির নাম রেখেছেন ‘মেসি’। ৩৭ কেজি ওজনের ছোট্ট ষাঁড়টি দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের কয়েক গ্রামের মানুষ।

ইতোমধ্যে মেসির দামও উঠেছে চার লাখ টাকা। কিন্তু এখনই মেসিকে ছাড়ছেন না তার মালিক। মূল্য ১০ থেকে ১২ লাখ হলে হয়তো ছেড়ে দেবেন তার শখের মেসিকে। মালিকের দাবি, চার বছর বয়সের এটাই দেশের সবচেয়ে ছোট ষাঁড়।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের আজিজুর রহমান। পেশায় সরকারি চাকরিজীবী। পাশাপাশি পশুপাখি পালনের প্রতি আগ্রহ রয়েছে তার। তাই বছর খানেক আগে শখের বশে ৩ বছর বয়সের ষাঁড়টি কিনে আনেন। ক্ষিপ্র গতির বলে নাম রাখেন ‘মেসি’। স্থানীয় উপজেলা প্রাণি সম্পদ অধিদফতরের মেলায় মেসির নাম ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

স্থানীয় কৃষক রকিবুল ইসলাম বলেন, ‘গরুডা আকারে ছুডু (ছোট) হইলেও দৌড়ে সেরা। এর শক্তিও বিরাট। ছাড়া পাইলে সহজে ধরন যায় না। ধইরা রাখতে দুজন মানুষ লাগে।’

আজিজুর রহমান বলেন, আমি খালিয়াজুরীতে সরকারি চাকরি করি। সেখানেই এই খর্বাকৃতি ষাঁড় গরুটির সন্ধান পাই। এটির মালিক ছিল একজন কৃষক। তার গাভীকে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে বীজ দেওয়ার পর এই খর্বাকৃতির ষাঁড়টির জন্ম হয়। আমি প্রায় এক বছর আগে ওই কৃষকের থেকে ষাঁড়টি কিনে আনি। এটির চালচলন দেখে, তার নাম দিই মেসি। এলাকার সবাই দেখতে আসে, এটা আমার খুব ভালো লাগে। কিছুদিন আগে মেসিকে মেলায় তুলেছিলাম, তখন দাম উঠেছিলো চার লাখ টাকা।

তিনি দাবি করেন, মেসির উচ্চতা মাত্র ২৭ ইঞ্চি! লম্বায় ২৪ ইঞ্চি, বয়স ৪ বছর আর ওজন ৩৭ কেজি। চার বছর বয়সের এটাই দেশের সবচেয়ে ছোট্ট ষাঁড়। দাম ১০ লাখ উঠলে শখের মেসিকে বিক্রি করে দেবেন।

কেন্দুয়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. খুরশেদ দেলোয়ার বলেন, গরুটির মা-বাবা বড় আকারের হলেও জেনিটিক কারণে এটি ছোট হতে পারে। আকারে ব্যতিক্রম হওয়ায় এর চাহিদা বেশি রয়েছে। আমরা নিয়মিত খোঁজ খবর রাখি। খর্বাকৃতির ষাঁড়টি আমাদের প্রাণিসম্পদ অফিসের মেলায় তোলার পর থেকেই এটির বিষয়ে স্থানীয়রা জানতে পেরেছে।

 

 

 

 

Share This:
You might also like