ঢাকায় এসে হাসিমুখে হাত মেলালেন পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী
Bangla Times Desk
রাজনৈতিক বৈরীতা, সীমান্তে উত্তেজনা এমনকি যুদ্ধেও জড়িয়েছে ভারত-পাকিস্তান। তাদের কথার রাজনীতি গড়িয়েছে খেলার মাঠেও। রীতি ভেঙে হ্যান্ডশেক না করার প্রবণতাও দেখা গেছে ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের। তবে এই বৈরীতার বিন্দুমাত্রও দেখা গেল না ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের মধ্যে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। আরো আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বুধবার ঢাকায় খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেন তারা। এ সময় দুজনকে হাসিমুখে এবং করমর্দন করতেও দেখা যায়। খবর জিও নিউজের।
২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধের পর প্রথমবারের মতো এ ধরণের বৈঠক হলো। খালেদা জিয়ার বাসভবনে হাসিমুখে হাত মেলান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।




