১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে ভারতীয় টুরিস্ট ভিসা: দোরাইস্বামী

অনলাইন ডেস্ক:

আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী আখাউড়া চেকপোস্টের জিরো লাইনে মঙ্গলবার সকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি সকাল সাড়ে সাতটায় আখাউড়া দিয়ে ভারতে গেছেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘কোভিড পরিস্থিতির মধ্যেও টুরিস্ট ভিসা চালু করছি আমরা। শুরুতে এক মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করা হবে। যেতে হবে বিমানে। পর্যায়ক্রমে বিমানের পাশাপাশি স্থল ও রেলপথেও ভিসা দেওয়া হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিক্রম দোরাইস্বামী বলেন, ভারত ও বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশ। দুই দেশের সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো।

আখাউড়া আগরতলা রেললাইনের কাজ বন্ধ থাকার বিষয়ে হাইকমিশনার বলেছেন, অর্থ পরিশোধ জটিলতায় এই মুহূর্তে কাজ বন্ধ থাকলে কম সময়ের মধ্যেই কাজ আবার শুরু হবে।

আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে বিএসএফের বাধা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে হাইকমিশনার বলেন, দুই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা হচ্ছে। সীমান্তের কাঁটাতারের আরও কিছু বিষয়ে শিগগির ভালো সিদ্ধান্ত আসবে বলে আশা রাখি।

আখাউড়া চেকপোস্টে ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ও আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান।

Share This:
You might also like