করোনার টিকা নেয়ার পর বমি শুরু, মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক

Bangla Times News Desk:

করোনাভাইরাসের টিকা নেওয়ার কয়েক দিন পর এক যুবক মারা গেছেন।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের গড়িয়া বোড়াল লেকপোল এলাকায়।

মৃত ওই যুককের নাম সুরজিৎ ব্যানার্জি। বয়স ২৭ বছর। গত ২২ জুন এলাকার আতাবাগান আরবান স্বাস্থ্যকেন্দ্র থেকে তিনি ভ্যাকসিন নিয়েছিলেন।

কিন্তু ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের।

পরিবার সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন সুরজিৎ। প্রথমে জ্বর আসে। সেটি দুদিন ছিল। তার পর বমি হতে শুরু করে। এমনকি সারা গায়ে ছোপ ছোপ কালো দাগ দেখা দিতে শুরু করে।

বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে এলাকার আতাবাগান আরবান প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে পরিবার।

সেখানে শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা এসএসকেএম হসপিটালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে বাঘা যতীনের কাছে মারা যান ওই যুবক।

এ ঘটনার কথা এলাকার স্বাস্থ্য কর্মকর্তাদের জানিয়েছে পরিবার। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পশ্চিমবঙ্গ রাজ্যে এখন ভুয়া ভ্যাকসিনের ঘটনায় তোলপাড়। সেখানে এ ঘটনা আরও আতঙ্ক ছড়াল।

Share This:
You might also like