একটুর জন্য বাঁচলেন বৃদ্ধ, বের করা হল ট্রেনের তলা থেকে, পুরস্কৃত চালক (ভিডিও)
Bangladesh Times Desk:
রেললাইন পার হতে গিয়ে একেবারে ট্রেনের সামনে চলে এসেছিলেন। মরিয়া হয়ে আপৎকালীন ব্রেক কষেন চালক। তার জেরে কোনওক্রমে রক্ষা পেলেন ওই বৃদ্ধ। তাঁকে ইঞ্জিনের নীচে থেকে বের করা হয়। তৎপরতার জন্য চালক, সহকারী চালকদের পুরস্কৃত করেছেন মধ্য রেলওয়ে। ঘটনাটি ভারতের মুম্বইয়ের কল্যাণ এলাকার।
সংবাদসংস্থা এএনআইয়ের টুইট করা ৫৭ সেকেন্ডের ভিডিয়োয় দেখা গিয়েছে, ইঞ্জিনের সামনের অংশের ভিতরে ঢুকে গিয়েছেন বৃদ্ধ। তাঁকে টেনে বের করার চেষ্টা করছেন এক ব্যক্তি। যিনি সম্ভবত চালক বা সহকারী চালক। পরে আরও কয়েকজন আসেন। সকলে মিলে বৃদ্ধকে বের করার চেষ্টা করন। পাশ থেকে একজন বৃদ্ধের মনোবল বাড়ানোর চেষ্টা করছিলেন। বৃদ্ধকে ট্রেনের তলা থেকে বের করা হয়। তারপর ওই বৃদ্ধকে তুলে দু’জন হাত ধরে লাইন পার করিয়ে দেন। বৃদ্ধ কিছুটা খোঁড়াচ্ছিলেন। তবে বড় কোনও চোট লাগেনি। তারপর চালক এবং সহকারী চালকের সঙ্গে এক ব্যক্তিকে কথা বলতে দেখা যায়। তিনি নোটবইয়ে কিছু লিখে নেন। বলতে থাকেন, ‘দারুণ কাজ করেছেন।’
#WATCH | A senior citizen narrowly escaped death after a locomotive train in Mumbai's Kalyan area applied emergency brakes to save the man as he was crossing the tracks. pic.twitter.com/RwXksT3TCM
— ANI (@ANI) July 18, 2021
এএনআই জানিয়েছে, রেললাইন পার করছিলেন ওই বৃদ্ধ। সেইসময় ট্রেনটি এসে যায়। বৃদ্ধকে দেখতে পেয়ে এমার্জেন্সি ব্রেক কষেন চালক। পরে চালক, সহকারী চালক এবং চিফ পার্মামেন্ট ওয়ে ইন্সপেক্টর – প্রত্যেকের জন্য ২,০০০ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা করেন মধ্য রেলওয়ের জেনারেল ম্যানেজার অলোক কনসাল। তারইমধ্যে সেই উদ্ধারকাজের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। ঘণ্টাচারেক আগে পোস্ট করার পর ৫৫,০০০ মানুষ সেই ভিডিয়ো দেখে ফেলেছেন।




