ইটালি-ফ্রান্স সীমান্তে বাংলাদেশির করুন মৃত্যু
Bangla Times News Desk:
ইটালি থেকে ট্রেনের ছাদে চেপে ফ্রান্স সীমান্তে যাবার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি তরুণ। গত কয়েক বছরে এভাবে সীমান্ত পারাপার করতে গিয়ে মারা গেছেন বিশজন।
গত রোববার (২৯ আগস্ট) ইটালির পেলিয়া অঞ্চলের কাছে ভেন্তিমিগ্লিয়াতে ট্রেনের ছাদে বসে ফ্রান্স সীমান্তে যাবার সময় মৃত্যু হয় এক ১৭ বছর বয়সি বাংলাদেশি যুবকের। একটি সুড়ঙ্গের ভেতর দিয়ে যখন ট্রেনটি যাচ্ছিল, সেই সময় দুর্ঘটনাটি ঘটে।
সীমান্তের কাছে শেষ ইটালিয়ান স্টেশন থেকে যখন ট্রেনটি ছাড়ে, সেই সময় ছাদে লাফ দিয়ে ওঠে সেই তরুণ। ট্রেনের চালক প্রাণপণ চেষ্টা করেন ব্রেক কষে তার প্রাণ বাঁচাতে। কিন্তু শেষ রক্ষা হয়নি।
উদ্ধারকর্মীরা যখন তরুণের মৃতদেহ খুঁজে পায়, সেই সময় তার পকেট থেকে পাওয়া যায় একটি চিরকুট। সেখানে লেখা ছিল যুবকের বয়স এবং পরিচয়। সাথে তার পকেট থেকে পাওয়া যায় স্থানীয় থানায় হাজিরা দেবার নির্দেশের কাগজ।
স্থানীয় দমকলকর্মীরা মৃত যুবকের দেহ উদ্ধার করতে লাগলে রেল চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকে। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পুলিশ, উদ্ধারকর্মী ও ভেন্তিমিগ্লিয়ার মেয়র গায়েতানো স্কুলিনো।
মেয়র স্কুলিনো ঘটনায় ’গভীর শোক প্রকাশ’ করে ইটালিয়ান রেল কর্তৃপক্ষকে ’রেল যাতায়াতের দুই দিকেই উন্নত নজরদারি ব্যবস্থা গ্রহণের’ অনুরোধ জানান৷



