ইউরোপে কাজের অভিজ্ঞতা বিনা খরচে, শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ
বাংলা টাইমস ডেস্ক:
ইউরোপে পড়াশোনা বা কাজের স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে এবার বড় সুযোগ নিয়ে এসেছে ইরাসমাস মুন্ডাস। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে এই মর্যাদাপূর্ণ প্রোগ্রাম। নির্বাচিত হলে ইউরোপের বিভিন্ন দেশে কাজ করে বাস্তব ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী এবং সদ্য গ্র্যাজুয়েটরা এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন। প্রোগ্রাম অনুযায়ী ইন্টার্নশিপের মেয়াদ ও আবেদনের শেষ সময় ভিন্ন হতে পারে।
কোন কোন ক্ষেত্রে ইন্টার্নশিপ
ইরাসমাস মুন্ডাস ইন্টার্নশিপের আওতায় রয়েছে বিস্তৃত বিষয়ভিত্তিক সুযোগ। এর মধ্যে আছে, ব্যবসায় ও ব্যবস্থাপনা, যোগাযোগ ও তথ্যবিজ্ঞান, ভাষা ও সাহিত্য, শিল্প ও নকশা, শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ, সমাজবিজ্ঞান ও মানবিক শাখা, প্রকৌশল ও প্রযুক্তি, কৃষিবিজ্ঞান, গণিত ও ইনফরমেটিকস, প্রাকৃতিক বিজ্ঞান, স্থাপত্য ও নগর পরিকল্পনা, আইন, চিকিৎসাবিজ্ঞান, ভূগোল ও ভূতত্ত্বসহ আরও অনেক ক্ষেত্র।
যেসব সুবিধা মিলবে
এই ইন্টার্নশিপ শুধু অভিজ্ঞতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রয়েছে নানা আর্থিক ও একাডেমিক সুবিধা—
- মাসিক ভাতা
- ভ্রমণ ভাতা
- আবাসন সহায়তা
- আন্তর্জাতিক কর্মপরিবেশে কাজের সুযোগ
- স্বীকৃত ও নামকরা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা
কারা আবেদন করতে পারবেন
অনেক ক্ষেত্রে পূর্বকাজের অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে। এমনকি কিছু ইন্টার্নশিপ অনলাইনে করার সুযোগ থাকায় ঘরে বসেই আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন সম্ভব যা শিক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধা।
প্রয়োজনীয় নথি
আবেদনের সময় সাধারণত যেসব কাগজপত্র লাগবে—
- ইউরোপাস ফরম্যাটে সিভি
- মোটিভেশন লেটার
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- স্টুডেন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট (যারা এখনও পড়ছেন)
- গ্র্যাজুয়েশন সার্টিফিকেট (গ্র্যাজুয়েটদের জন্য)
- ইন্টার্নশিপ অফার লেটার
- বৈধ পাসপোর্ট
- ভাষাদক্ষতার প্রমাণ (কিছু ক্ষেত্রে)
- গ্রান্ট গ্রহণের জন্য ব্যাংক তথ্য
আবেদন করবেন যেভাবে
ইন্টার্নশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া, নির্দিষ্ট সময়সীমা ও প্রোগ্রামভিত্তিক বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ইরাসমাস মুন্ডাস অফিসিয়াল লিংকে গিয়ে তথ্য দেখা যাবে।







