১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি
বাংলা টাইমস অনলাইন : আগামী ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট ও সকল প্রকার শিল্পকারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে রোববার (৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করা হবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সভাপতিত্বে করোনা সংক্রান্ত গত ৩ আগস্টের সভায় সিদ্ধান্ত ছিল ১০ তারিখ পর্যন্ত চলমান বিধিনিষেধ আরোপ থাকবে। ১১ তারিখ থেকে ধাপে ধাপে শিথিল করার সিদ্ধান্ত হয়। যদিও শনাক্তের হার কমছে কিন্তু মৃত্যুর হার দুশ’র ওপরে আছে। সে বিষয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে। আগামীতে কী পর্যায়ে শিথিল করবো সে বিষয়ে আজ প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পাব। সেটা আজ বা কাল জানাতে পারব।



