স্ত্রীকে নিয়ে ৫৫টির বেশি দেশ ঘুরেছেন ডা. মহসিন আলী
Bangla Times Desk:
জাপান দিয়ে শুরু। সর্বশেষ মরক্কো। এভাবে এখন পর্যন্ত অসংখ্য দেশ ঘুরেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যাপক ডা. মো. মহসিন আলী শাহ। এর মধ্যে স্ত্রীকে নিয়েই ঘুরেছেন ৫৫টির বেশি দেশ।
মহসিন আলী শাহ সম্প্রতি মরক্কো ভ্রমণ শেষ করে সহধর্মিণীকে নিয়ে ঢাকায় ফেরেন। বিমানবন্দরে এক কনটেন্ট ক্রিয়েটরকে সাক্ষাৎকার দেন। সেখানে এভাবে ভ্রমণের গল্প বলেন।
ওই ভিডিওতে মহসিন আলীর বিস্তারিত পরিচয় ছিল না। শুধু তাকে ‘সম্মানিত ডাক্তার’ বলে সম্বোধন করা হয়। ভিডিওটির কমেন্টে একজন লেখেন, তিনি আমার চিকিৎসক মহসিন আলী। এরপর গুগলে নামটি সার্চ করে বিস্তারিত পরিচয় পাওয়া যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে স্ত্রীকে পাশে রেখে মহসিন আলী বলেন, ‘৫৪-৫৫টা দেশ ঘুরেছি। ঘোরাঘুরি সবসময় আমাদের পছন্দ। ঘুরতে খুবই ভালো লাগে। মজার মজার অভিজ্ঞতা হয়, কখনো আবার বিপদে পড়ি। প্রথম দিকে একাই যেতাম। শেষ ৫/৬ বছর ওয়াইফকে নিয়ে যাই। প্রথমে গেছি জাপান। সর্বশেষ মরক্কো।’
পাশ থেকে এই চিকিৎসকের স্ত্রী বলেন, ‘আমরা ৫৫টির বেশি দেশ ঘুরেছি। সৌদি আরব গেছি ৫ বার। এর মধ্যে হজে ২ বার।’
এই ভিডিওর কমেন্টে অনেক নারী তাদের স্বামীকে মেনশন করে এভাবে ঘুরতে নিয়ে যাওয়ার আবদার জানিয়েছেন। কেউ আবার মহসিন আলীর স্ত্রীকে উদ্দেশ করে লিখেছেন, ‘তিনি ভাগ্যবতী নারী।’
আরেক নারী আবার মজা করে লিখেছেন, ‘প্রথমে ভেবেছিলাম বরকে মেনশন দিব। পরে শুনি প্রথম দিকে ইনি একাই ঘুরতে যেতেন। তাই আর দিলাম না।’
এত দেশ ঘোরার পর বাংলাদেশ নিয়ে আক্ষেপ করেন মহসিন আলীর স্ত্রী, আমরা যার নাম জানতে পারিনি, ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘বিভিন্ন দেশ ঘুরি ঠিকই। কিন্তু আমাদের দেশের বিমানবন্দরে নামলে মনটা খারাপ হয়ে যায়। এত নোংরা।’
অন্যদিকে মহসিন আলী বলেন, ‘দেশটা ঠিক করতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে এবং টপ টু বটম সিনসিয়ারিটি, অনেস্টি থাকতে হবে।’
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, মহসিন আলী শাহ মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ও ইউনিট প্রধান। তিনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ১৯৭৫ সালে এসএসসি ও ১৯৭৭ সালে এইচএসসি পাস করেন। দুটিতেই ফার্স্ট ডিভিশন পান। এরপর রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে মনোরোগবিদ্যায় এম. ফিল ও এমডি এই দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ঘুমের সমস্যা, মাথাব্যথা ও আত্মহত্যা-সংক্রান্ত চিকিৎসা বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে।






