বিনা খরচে ওয়ার্ক ভিসায় নিয়ে মালয়েশিয়া যেতে আবেদন করবেন যেভাবে
বাংলা টাইমস ডেস্ক:
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে এবার স্বচ্ছ ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে। প্রথম বহরের কর্মীদের সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ ব্যবস্থায় পাঠানো হবে।
আবেদন করবেন যেভাবে
মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রথমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সরকারি অনুমোদিত নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে নজর রাখতে হবে। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত নিয়মে আবেদন করতে পারবেন আগ্রহীরা।
আবেদনের ক্ষেত্রে সাধারণত প্রার্থীর প্রয়োজন হবে—
বৈধ পাসপোর্ট
প্রয়োজনীয় শিক্ষাগত ও দক্ষতার তথ্য
নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার সনদ
কর্মসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র
মন্ত্রণালয় জানিয়েছে, কর্মী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আবেদন না করে সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
কোনো টাকা দেওয়ার আগে সতর্ক থাকার আহ্বান
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা দেওয়া, মেডিকেল পরীক্ষা করা কিংবা পাসপোর্ট জমা দেওয়া যাবে না।
কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে হয়রানি বন্ধ, নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি যেকোনো অভিযোগ দ্রুত সমাধানে ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে খুব শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে বিস্তারিত নির্দেশনা ও আবেদন প্রক্রিয়া জানানো হবে।






