সন্তান বিক্রি করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন বাবা

Bangla Times Desk:

পটুয়াখালীর দশমিনা উপজেলায় আইফোন কেনার জন্য নিজের দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক কাঠমিস্ত্রি বাবার বিরুদ্ধে। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে থানা পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বাবার নাম মো. মারুফ। তিনি ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি। তার দেড় বছরের পুত্রসন্তানের নাম মুসা।

শিশুটির দাদি মাহফুজা বেগম বলেন, প্রায় চার বছর আগে মারুফ ঢাকার সাভার থেকে বৃষ্টি নামের এক তরুণীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তাদের ঘরে প্রায় তিন বছর পর মুসার জন্ম হয়। এক মাস আগে পারিবারিক বিরোধের জেরে মারুফের স্ত্রী বৃষ্টি বাবার বাড়িতে চলে যান। পরে মারুফও ঢাকায় চলে যায়। গত শুক্রবার সন্ধ্যার আগে সে বাড়িতে ফেরে। পরদিন সকালে নাতিকে সাজিয়ে দিতে বলার পর শিশুটিকে নিয়ে বেরিয়ে যায় মারুফ। আমি আমার নাতিকে ফিরে পেতে চাই, প্রশাসনের সহযোগিতা চাই।

টাকার বিনিময়ে শিশুটিকে নেওয়ার বিষয়ে অভিযুক্ত ইমরান হোসেন মুঠোফোনে দাবি করেন, মারুফ দীর্ঘদিন ধরে আমার কাছে শিশুটিকে দেওয়ার কথা বলে আসছিল। আমার শ্বশুরের পাঁচ মেয়ে, কোনো ছেলে সন্তান নেই। এ কারণে মারুফের সঙ্গে আলোচনা করে এক লাখ টাকার বিনিময়ে শিশুটিকে লিখিতভাবে আমরা নিয়েছি। শিশুটিকে আমার শ্বশুরবাড়িতে রাখা হয়েছে।

দশমিনা থানা পুলিশের ওসি মো. আতিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে। শিশুটিকে যে ব্যক্তি নিয়েছেন বলে অভিযোগ উঠেছে, তাকে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে এবং উদ্ধারের পর আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share This:
You might also like