রমজানে বাজারে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : অর্থমন্ত্রী
রমজান মাস সামনে রেখে কোনো পণ্যের ঘাটতি নেই বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেছেন, বাজারে কারসাজি করলে মতলববাজ ব্যবসায়ীদের কঠোর ব্যবস্থা নেয়া হবে।
রোববার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের জরুরি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, এনবিআর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অর্থমন্ত্রী বলেন, রমজান আসছে, আমরা লেটেস্ট কারেন্ট সিচুয়েশন দেখলাম, কোনো পণ্যের শর্টেজ নেই। রজমানের সময় যেসব আইটেম লাগে, চিন্তার কোনো কারণ নেই। শর্টেজেরও কোনো কারণ নেই। কিছু মহল চেষ্টা করে কীভাবে সিচুয়েশনকে ডি-স্ট্যাবলাইজ করা যায়। যেখানে মার্কেট ইকোনমি অপারেট করছে সেখানে সুযোগ নেওয়ার চেষ্টা করবেই।








