বিহারে বিরোধীদের ডুবিয়ে বিপুল ভোটে জয় বিজেপি জোটের
অনলাইন ডেস্ক:
ভারতের বিহারে দুই দফার ভোটগ্রহণ শেষে প্রকাশিত বিভিন্ন বুথ-ফেরত সমীক্ষা বা এক্সিট পোলে যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, শুক্রবার ভোট গণনার শুরু থেকেই সেই ধারা বজায় রয়েছে। বিপুল ভোটে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।
এদিকে বিহারে এনডিএ ২০০ পেরোতেই টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তার এক্স হ্যান্ডলে লেখেন, বিহারে সুসাশনের জয় হয়েছে। উন্নয়নের জয় হয়েছে। সামাজিক ন্যায়বিচারের জয় হয়েছে। এই জয় ঐতিহাসিক এবং অভূতপূর্ব। বিহারের জনগণকে আমি কৃতজ্ঞতা জানাই। তিনি বিহারে গিয়েও ভাষণ দেন এবং বিহারের জনগণকে এই জয়ের জন্য ধন্যবাদ জানান।
নীতীশ কুমার ফের মুখ্যমন্ত্রী?
নীতীশ কুমার লাগাতার পঞ্চম বার বিহারের মুখ্যমন্ত্রী হতে পারেন। তিনি যে জোটে থেকেছেন ২০০৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সেই জোটই বিহারের ক্ষমতায় এসেছে। সত্তরের দশকে সমাজবাদী রাজনীতিতে হাতে খড়ি হওয়া বিহারের দুই শীর্ষ নেতা লালু প্রসাধ ইয়াদভ আর নীতীশ কুমার দীর্ঘদিন এক সঙ্গে রাজনীতি করেছেন। তবে ১৯৯৫ সালে প্রথম বিজেপির হাত ধরেন নীতীশ কুমার। সেই জোটের হয়ে ২০০০ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার।
কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই তাকে পদত্যাগ করতে হয়। এবার আবার তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। তার দল তার মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারে টুইট করলেও পরে তা মুছে ফেলে। —এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা








