ইসরায়েলি বর্বরতায় মুখ খুলল সৌদি আরব

হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে ফিলিস্তিনিদের অধিকারের ‌‘গুরুতর লঙ্ঘনের’ ঘটনায় অবশেষে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ ফিলিস্তিনে এক সপ্তাহ ধরে ইসরায়েল যে বর্বর হামলা চালিয়ে আসছে তার নিন্দা জানিয়েছেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের অধিকারের গুরুতর লঙ্ঘনের ঘটনায় রোববার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের নিন্দা জানিয়েছেন। অবিলম্বে ইসরায়েলি সামরিক অভিযানের অবসানে কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন সৌদি আরবের এই মন্ত্রী।

রোববার জেরুজালেম ও গাজা উপত্যকায় ইসরায়েলের গত এক সপ্তাহের টানা হামলার ঘটনায় বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সংগঠন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি অনলাইন বৈঠকে প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ এ আহ্বান জানিয়েছেন।

এদিকে, রোববার ভোরের দিকে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর আবারও বর্বর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ৮ শিশুসহ ২৬ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে পৌঁছেছে।

Share This:
You might also like