আফগানিস্তানে দু’দিনের মধ্যে নতুন সরকার ঘোষণা
Bangla Times News Desk: আগামী দু’দিনের মধ্যে আফগানিস্তানে তালেবানের সরকার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন শের আব্বাস স্তানিকজাই। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি পশতুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। স্তানিকজাই কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের উপ-প্রধান।
বিবিসিকে তিনি বলেন, আগামী দু’দিনের মধ্যে তালেবানের সরকার ঘোষণা করা হতে পারে— এটি হবে সবার অংশগ্রহণে ঐকমত্যের সরকার। এই সরকারের নিচু স্তরে নারীদের ভূমিকা থাকবে, তবে উচ্চ পর্যায়ে তাদের দেখা যাবে না।
শের আব্বাস স্তানিকজাই বলেন, গত দুই দশকে যারা সরকারে কাজ করেছেন, নতুন সরকারে তাদের অন্তর্ভুক্ত করা হবে না। তিনি বলেন, সম্প্রতি কাবুল বিমানবন্দরে যে বিশৃঙ্খলা হয়েছে সেজন্য যুক্তরাষ্ট্রের অব্যবস্থাপনা দায়ী এবং বিমানবন্দর মেরামতের জন্য বর্তমানে ৩ কোটি মার্কিন ডলার প্রয়োজন।
তালেবানের এই নেতা বলেন, আগামী দু’দিনের মধ্যে বিমানবন্দর পুনরায় কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত হবে। এদিকে, একটি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপি বলেছে, বুধবার টেকনিশিয়ানদের বহনকারী কাতারের একটি বিমান কাবুলে অবতরণ করেছে।
বিবিসির প্রধান আন্তর্জাতিক প্রতিনিধি লিসে ডোসেট সঙ্গীদের নিয়ে মঙ্গলবার কাবুল বিমানবন্দর ঘুরে দেখেছেন। তারা ঘুরে যাওয়ার পরপরই এই বিমানবন্দরের পুরো নিয়ন্ত্রণ নেয় তালেবান।
তালেবানের ক্ষমতা গ্রহণের পর প্রশাসনিক শূন্যতা তৈরি হওয়ায় বিদেশি দাতাদের মানবিক সংকট মোকাবিলা নিয়ে তীব্র অনিশ্চয়তা এবং দুই দশকের যুদ্ধ শেষে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সৈন্যদের চলে যাওয়ার পর কাবুলের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরে অচলাবস্থার কারণে তালেবানের শাসনে ভীত দেশ ছাড়তে মরিয়া হাজার হাজার আফগান এখন সীমান্তের দিকে ছুটছেন।








