University of Wolverhampton থেকে নতুন আপডেট: বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য কড়াকড়ি নীতিমালা
মোহাম্মদ জহির:
যুক্তরাজ্যের নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান University of Wolverhampton আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন কিছু নীতিমালা ঘোষণা করেছে, যা অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পরিবর্তন মূলত ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে CAS (Confirmation of Acceptance for Studies) ইস্যু হওয়ার আগে শিক্ষার্থীদের মোট টিউশন ফি-এর ৫০% পরিশোধ করতে হবে। এর আগে শিক্ষার্থীরা তুলনামূলকভাবে কম অগ্রিম পরিশোধ করে CAS পেতেন।
এছাড়া, জানুয়ারি ২০২৬ ইন্টেক থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য Medium of Instruction (MOI) আর গ্রহণযোগ্য থাকবে না। অর্থাৎ, এখন থেকে ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে IELTS, PTE, Duolingo বা সমমানের ইংরেজি ভাষা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য Pre-CAS Interview (PCI) প্রক্রিয়াটি আরও কঠোর করা হচ্ছে। এর মাধ্যমে আবেদনকারীদের ইংরেজি দক্ষতা, একাডেমিক উদ্দেশ্য ও আর্থিক প্রস্তুতি আরও গভীরভাবে যাচাই করা হবে, যাতে ভিসা সাফল্যের হার বৃদ্ধি পায়।
শিক্ষা পরামর্শদাতারা মনে করছেন, এই পরিবর্তনগুলো শিক্ষার্থীদের প্রস্তুতিকে আরও বাস্তবসম্মত করবে, তবে যারা জানুয়ারি ২০২৬ ইন্টেকে আবেদন করতে চান, তাদের এখন থেকেই আবেদন প্রক্রিয়া শুরু করা উচিত।




