বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক, চুক্তি সই

বাংলা টাইমস ডেস্ক:

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। এ বিষয়ে বাংলাদেশ ও ইরাকের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

গত ১৩ ও ১৪ অক্টোবর মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুদিনব্যাপী যৌথ কমিটির বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকে নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিত করা, ইরাকে দক্ষ ও অদক্ষ কর্মী প্রেরণের সম্ভাবনা এবং সেখানে কর্মরত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে উভয় পক্ষ ‘রেকর্ড অব ডিসকাশন’ নামে একটি নথিতে স্বাক্ষর করে।

ইরাকের কোন কোন খাতে কর্মীর চাহিদা রয়েছে, তা শনাক্ত করে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ বিষয়ে সাধারণ ক্ষমার আওতায় অনিয়মিত কর্মীদের বৈধ করার অনুরোধ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইরাক সরকারকে চিঠি পাঠাবে বাংলাদেশ।

বাংলাদেশি কর্মী প্রেরণের প্রক্রিয়া আরও সহজ করতে যৌথ কমিটি প্রতি বছর অন্তত একবার বৈঠকে মিলিত হবে বলে সিদ্ধান্ত হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক এবং ইরাকের পক্ষে কাজিম অব্দুর রেজা খাইয়ুন আত-ওয়ানি, মহাপরিচালক (মিডিয়া, আরব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ) স্বাক্ষর করেন।

বৈঠকে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া উপস্থিত ছিলেন। এর আগে ইরাকি প্রতিনিধিদল মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Share This:
You might also like