‘শ্বাস নিতে পারছি না’- বলে লুটিয়ে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা

হাজারীবাগ প্রতিনিধি

পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান (২৫)। শুক্রবার (৩ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ভোলা জেলায়।

সহপাঠীরা জানান, সেদিন রাতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে পুরান ঢাকার কোটকাচারির বিপরীতে একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছিলেন হাসিবুর। খাওয়ার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

হাসিবুরের সঙ্গে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়াতুল্লাহ আল মাহমুদ বলেন, ‘খাওয়ার সময় হাসিব ভাই বললেন, আমি শ্বাস নিতে পারছি না। এরপর হঠাৎ নিচে পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই।’

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন জানান, হাসপাতালে আনার সময় হাসিবুরের হৃদস্পন্দন খুবই দুর্বল ছিল। ইসিজি করার পর দেখা যায়, হৃদস্পন্দন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। চিকিৎসকদের ধারণা, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

হাসিবুরের আকস্মিক মৃত্যুতে সহপাঠী ও সংগঠনের সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

Share This:
You might also like