Afghanistan Crisis: দোহায় তালেবানের সঙ্গে বৈঠক ভারতের

Bangla Times Desk: অবশেষে তালেবানের সঙ্গে বৈঠক ভারতের। এই সাক্ষাৎ কি পারস্পরিক আলোচনা? নাকি তালেবানকে একরকম সতর্কবার্তা দেওয়া? এখনও অবশ্য তা পুরোপুরি পরিষ্কার নয়।

সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে কাতারের রাজধানী দোহায় (Doha) এই ভারত-তালেবান বৈঠক হয়। জানা গিয়েছে, ভারতের পক্ষ থেকে এই বৈঠকে অংশ নেন রাষ্ট্রদূত দীপক মিত্তল। তালেবানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আব্বাস স্তানিকজাই। ভারতের পক্ষ থেকে তালেবানকে কড়া বার্তা দেওয়া হয়েছে বলেই খবর।

প্রসঙ্গত, এই বৈঠক আগেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ছিল। তবে চিন্তা-ভাবনার জন্য বেশ কিছু দিন সময় নিয়ে তবেই তালেবানের সঙ্গে এই আলোচনায় বসল ভারত।

বৈঠকে ভারতের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় জানানো হয়েছে, আফগানিস্তানের (Afghanistan) মাটিতে যেন ভারত-বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপ গড়ে না ওঠে। এবং আফগানিস্তানে থাকা ভারতীয়দের নিরাপত্তা ও তাঁদের ফিরিয়ে আনার বিষয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পরই যে ভাবে জঙ্গিরা আফগান-মাটিকে নিজেদের পছন্দের জায়গা হিসেবে ব্যবহার করতে শুরু করেছে, তা নিয়েও নিজেদের আপত্তির কথা জানিয়েছে ভারত।

প্রসঙ্গত, মঙ্গলবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগানিস্তান-পর্বের দিকে নজর রাখার নির্দেশ দিয়েছিলেন এই কাজের জন্য তৈরি করা উচ্চ পর্যায়ের কমিটিকে। সেখানে তিনি যা নির্দেশ দিয়েছিলেন, তার মধ্যেই এই বৈঠকে আলোচিত বিষয়ের ইঙ্গিত ছিল।

সুত্র: জি নিউজ

Share This:
You might also like