৬টি রেকর্ড ভেঙে অক্সফোর্ডে মাহনূর

অনলাইন ডেস্ক:

৬টি একাডেমিক রেকর্ড ভেঙে মাত্র ১৮ বছর বয়সে অক্সফোর্ডে পড়ার সুযোগ পেলেন পাকিস্তানী বংশোদ্ভূত বৃটিশ তরুণী মাহনূর চীমা। তিনি ২৪ টি এ লেভেল বিষয়ে সর্বোচ্চ ডিস্টিংশন পেয়ে ইতিহাস গড়েছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

এতে বলা হয়েছে, আগের জিসিএসই সাফল্যের সঙ্গে মিলিয়ে বর্তমানে তার ছয়টি বৈশ্বিক একাডেমিক রেকর্ড রয়েছে। যা কিনা একজন মাধ্যমিক স্তরের একজন শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ। এই অর্জনের মাধ্যমে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিষয়ে পড়ার সুযোগ পেয়েছেন। মাহনুর এককভাবে সবচেয়ে বেশি এ লেভেল বিষয় (২৪) এবং এক্সেটেনডেড প্রজেক্ট কোয়ালিফিকেশন নিয়ে পাশ করেছেন।

তার দ্বিতীয় এ লেভেল রেকর্ড হলো তিনি সর্বোচ্চ সংখ্যক A* ও A গ্রেড পেয়েছেন। এর মাধ্যমে তিনি ১৯টি শীর্ষ গ্রেড অর্জন করেছেন। তার তৃতীয় সম্মিলিত রেকর্ড হলো তিনি এ লেভেলে ১১টি A* গ্রেড পেয়েছেন। যা তার পূর্বের ৩৪ A* গ্রেডের সঙ্গে যুক্ত হয়েছে। এ নিয়ে তার মোট  ৪৫ টি A* গ্রেড আছে। যা মাধ্যমিক স্তরে কোনো শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ। তার চতুর্থ রেকর্ড হলো সবচেয়ে বেশি আলাদা বিষয়ে ডিস্টিংসহ উত্তীর্ণ হওয়া। মোট ৫৮ টি। যার মধ্যে ২৪টি এ লেভেল ও ৩৪টি জিসিএসই।

২০২৩ সালে ১৬ বছর বয়সে মাহনুর ৩৪টি জিসিএসই সাবজেক্টে পাশ করেন। এর মধ্যে ১০ম বছরে ১৭টি A* এবং ৩৪ টি A* গ্রেড আছে। এর মাধ্যমে তিনি পঞ্চম ও ষষ্ঠ বিশ্ব রেকর্ড গড়েন। জিও নিউজকে সাক্ষাৎকার দেয়ার সময় মাহনুর বলেন, অক্সফোর্ডে পড়া তার ছোট বেলার সপ্ন। তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। বলেন, আমি খুবই খুশি। অক্টোবরে অক্সফোর্ডে যোগ দেবো এবং জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পেরে খুবই খুশী। এসময় তিনি তার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, মেধা প্রদর্শন করে শীর্ষস্থান অর্জনের মাধ্যমে মাহনূর পাকিস্তানের তরুণীদেরকে আশার বার্তা দিয়েছেন। মাহনূরের অবশ্য সঙ্গীতেও একটি ডিপ্লোমা আছে। যা তিনি ১৬ বছর বয়সে অর্জন করেছেন।

Share This:
You might also like