২টি ইট চুরির অপবাদে গৃহবধূকে গাছে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন

বাংলা টাইমস ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে দুটি ইট চুরির অপবাদ দিয়ে এক গৃহবধূকে (৪৫) গাছে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ৮ আগস্ট রাত ১০টার দিকে পাকুড়িয়া গ্রামের ভ্যানচালক নেদু প্রতিবেশী ওই গৃহবধূকে দুটি ইট চুরির অভিযোগ দেয়। এরপর ৯ আগস্ট সকাল ১০টার দিকে রাশিদা বেগমকে বাড়ি থেকে ধরে এনে নেদু, তার স্ত্রী ও পুত্রবধূসহ পরিবারের সদস্যরা গাছের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে মারধর করে ও চুল কেটে ছেড়ে দেয়।

খোরদো ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভুক্তভোগী গৃহবূধর প্রতিবেশী আব্দুল মান্নান বলেন, ‘নেদু ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করছে রাশিদা বেগম ইট চুরি করেছে। এরপর ভুক্তভোগীকে ধরে নিয়ে বাড়ির মহিলারা মধ্যযুগীয় কায়দায় বেঁধে চুল কেটে দিয়েছে। চরম অন্যায় করেছে তারা। আমার কাছে আসলে আমি থানায় অভিযোগ দিতে বলেছিলাম।’

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

Share This:
You might also like