১৭ কোটি ডলার নিয়ে পালিয়েছেন আশরাফ গণি: রাষ্ট্রদূত

Bangla Times News Desk: কাবুল ছেড়ে পালানোর পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। গত রবিবার পালানোর সময় তিনি ১৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার সঙ্গে করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন তাজিকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত।

গত রবিবার তালেবান কাবুলের প্রান্তে পৌঁছানোর পর প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে গাড়ি ও ব্যাগভর্তি অর্থ নিয়ে পালিয়ে যান আশরাফ গণি। প্রাথমিকভাবে জানা যায়, তিনি আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী তাজিকিস্তান বা উজবেকিস্তানে পালিয়েছেন। পরে তার ওমানে যাওয়ার খবরও শোনা যায়। বুধবার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে আশরাফ গণি সেই দেশে অবস্থান করছেন।

এদিকে বুধবার তাজিকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মোহাম্মদ জহির আকবর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এতে তিনি আশরাফ গণিকে বিশ্বাসঘাতক আখ্যা দেন। তাজিক রাজধানী দুসানবের দূতাবাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আশরাফ গণি সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকেই ভারপ্রাপ্ত আফগান প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিচ্ছেন তিনি।

মঙ্গলবার এক টুইট বার্তায় আমরুল্লাহ সালেহ নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। পরে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক অডিও বার্তায় সালেহ দাবি করেন তিনিই আফগানিস্তানের বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট। এছাড়া যুদ্ধ শেষ হয়নি বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

Share This:
You might also like