হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষনা

বাংলাটাইমস নিউজ ডেস্ক:

হেফাজতে ইসলামের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। রোববার (২৫ এপ্রিল) দিবাগত রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা থেকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

বাবুনগরী বলেন, কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীতে আহ্বায়ক কমিটি দিয়ে সংগঠন পরিচালনা করা হবে বলে জানান তিনি।

মাত্র ১ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, ঈমানি-আকিদার সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতে ইসলামীর কার্যক্রম শুরু হবে।

২০২০ সালের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ওই বছরের ১৮ সেপ্টেম্বর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা আহমদ শফীর ইন্তেকালের কারণে নতুন এ কমিটি করেছিল হেফাজত। এরপর ১৩ ডিসেম্বর মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেলে নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম জিহাদীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছিল হেফাজত।

Share This:
You might also like