স্মার্টফোনে বিপজ্জনক থার্ড পার্টি অ্যাপ চিনবেন যেভাবে
আইটি ডেস্ক
প্রতিদিন আমরা স্মার্টফোনে ছবি এডিট করা, সোশ্যাল মিডিয়া ব্যবহারসহ নানা ধরনের অ্যাপ ব্যবহার করি। প্রয়োজনে নতুন অ্যাপও ডাউনলোড করা হয় প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে। কিন্তু লাখো অ্যাপের ভিড়ে আসল এবং নকল অ্যাপ চেনা সবসময় সহজ হয় না।
বিশেষজ্ঞদের মতে, নকল বা ক্ষতিকর অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে, ডার্ক ওয়েবে বিক্রি করতে পারে এবং কখনো কখনো ব্ল্যাকমেইল করেও অর্থ আদায় করতে পারে। তাই প্রতিটি ব্যবহারকারীর উচিত অ্যাপ ডাউনলোডের আগে সতর্ক হওয়া।
নকল বা ক্ষতিকর অ্যাপ চিনবেন যেভাবে:
রিভিউ ও রেটিং পরীক্ষা করুন: বৈধ অ্যাপ সাধারণত লাখ বা কোটি ডাউনলোড অর্জন করে। কিন্তু কিছু হাজার ডাউনলোড থাকলে তা নকল হতে পারে।
অ্যাপ স্টোরে প্রকাশের সময় খেয়াল করুন: নতুন বা অচেনা অ্যাপ সহজেই সন্দেহজনক হতে পারে।
স্ক্রিনশট পরীক্ষা করুন: প্রকাশিত ছবিতে যদি অস্বাভাবিকতা থাকে, সতর্ক হোন।
পারমিশন চেক করুন: অপ্রয়োজনীয়ভাবে ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন বা কল লগে প্রবেশাধিকার চাইলে তা ক্ষতিকর হওয়ার ঝুঁকি বাড়ায়।
গুগল প্লে প্রোটেক্ট ব্যবহার করুন: প্লে স্টোরের প্রোফাইল আইকন থেকে প্লে প্রোটেক্ট চালু রাখলে অ্যাপ ইনস্টল হওয়ার আগে স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান হবে। ডিভাইস সার্টিফায়েড কিনা তাও যাচাই করা জরুরি।
অ্যাপের বিবরণ খেয়াল করুন: বৈধ ডেভেলপাররা সঠিক ও নির্ভুল বিবরণ দেন। বানান বা ব্যাকরণগত ত্রুটি থাকলে অ্যাপটি নকল হওয়ার সম্ভাবনা বেশি।
বিশেষজ্ঞরা মনে করান, সামান্য অসতর্কতার কারণে ক্ষতিকর অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস করতে পারে বা আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। তাই সচেতন থেকে অ্যাপ ডাউনলোড করাই নিরাপদ।




