যৌতুক না দিয়ে নাতনীকে দেখতে যাওয়ায় নানা-মামাকে নির্যাতন

সাভারে যৌতুক না দিয়ে নাতনীকে দেখতে যাওয়ায় স্ত্রীর নানা ও মামাকে হাত বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর করার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ও এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামাল হোসেন বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল তিনটার দিকে সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে অভিযোগটি আমাদের কাছে সত্য বলে মনে হচ্ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

গেল ১০ আগস্ট সোনিয়া আক্তারের নানা আব্দুল মান্নান মোল্লা ও মামা শহিদ মোল্লা তাকে তার শ্বশুর বাড়িতে দেখতে গেলে ‘বিয়ের সময় পিতৃহারা সোনিয়ার পক্ষ থেকে জামাইকে যৌতুক না দেয়ায়’ নানাশ্বশুর ও মামাশ্বশুরকে বাড়ির ছাদে নিয়ে পাইপের সাথে হাত বেধে মারপিট করেন সোনিয়ার স্বামী আবুল কালাম। এসময় আবুল কালামের সঙ্গে তার বাবা বসির মহাজনও ছিলেন।

দুইজনকে মারধর শেষে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দুটি মোবাইলফোন ও নগদ সাড়ে চার হাজার টাকা কেড়ে নিয়ে একটি বাড়ির ছাদে নিয়ে আবারও মারধর করা হয়! এক পর্যায়ে হত্যার চেষ্টা করে তাদেরকে গুমের পরিকল্পনা করলে এলাকাবাসী ৯৯৯ ফোন করে পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে উদ্ধার করে বলেও জানা যায়

এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৩ মাস আগে সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের মৃত আবুল হোসেনের কন্যা সোনিয়া আক্তারের সাথে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর কাজীপাড়া গ্রামের প্রভাবশালী বসির মহাজনের ‘বখাটে’ ছেলে আবুল কালামের সাথে বিয়ে হয়।

মঙ্গলবারের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার ঝড় তোলে। ভুক্তভোগী ও এলাকাবাসী কঠোর শাস্তি দাবি করেছেন অভিযুক্তদের।

Share This:
You might also like