ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের করুন মৃত্যু
নিউজ ডেস্ক:
ঢাকা-ময়মনসিংহ রেলপথের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার কেবি হাই স্কুলের পাশে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই হাফিজুর রহমান জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দাপুনিয়া কলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ইয়াসমিন আক্তার ও তার ছেলে সানি ও মেয়ে স্কুলছাত্রী সুপ্তিকে নিয়ে বেড়াতে এসে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন। এসময় মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান এবং মেয়ে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করেন।
এরা দু’দিন আগে গ্রামের বাড়ি থেকে নগরীর কেওয়াটখালি এলাকায় মামার বাড়ি বেড়াতে এসেছিলেন।
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।








