মেয়েকে খুনের ভয় দেখিয়ে মাকে ধর্ষণ
অনলাইন ডেস্ক:
বাগেরহাট সদর উপজেলায় কৌশলে ঘরে ঢুকে মেয়েকে হত্যার ভয় দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে রুবেল হাওলাদার (২৫) নামের একজনকে দায়ী করে ভুক্তভোগী নারীর স্বামী বাগেরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে সোমবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার বাদেকাড়া পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় ধর্ষক ৪৭ হাজার টাকা, দুই জোড়া স্বর্ণের দুল ও একটি স্বর্ণের চেন নিয়ে যায়। এ ছাড়া অভিযোগের সূত্র ধরে জিজ্ঞাসাবাদের জন্য ভুক্তভোগীর স্বামীর চাচাতো ভাই সজল মল্লিককে (২৫) আটক করে পুলিশ।
অভিযুক্ত রুবেল বাগেরহাট সদর উপজেলার পোলেরহাট এলাকার বাসিন্দা। তাকে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত ব্যক্তি বাদেকাড়া এলাকার মফিজ মল্লিকের ছেলে সজল মল্লিক। তিনি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।
ভুক্তভোগীর স্বামী বলেন, সোমবার (১৩ ডিসেম্বর) আমার নাইট ডিউটি ছিল। এ সুযোগে সজল মল্লিকের সহযোগিতায় রুবেল আমার ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে একমাত্র সন্তানকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ করে রুবেল। এ সময় ঘরে থাকা নগদ ৪৭ হাজার টাকা, দুই জোড়া স্বর্ণের দুল ও একটি চেন নিয়ে যায় রুবেল।
ভুক্তভোগী নারী বলেন, সোমবার (১৩ ডিসেম্বর) রাতে আমার স্বামীর ডিউটিতে থাকার সুযোগে কৌশলে দরজার সিটকিনি খুলে রুবেল মল্লিক ঘরে ঢুকে মেয়েকে হত্যার ভয় দেখিয়ে আমাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে রুবেল ঘরে থাকা টাকা, সোনা-দানা নিয়ে যায়। আর কাউকে কিছু বললে আরও ক্ষতি করবে বলে হুমকি দিয়ে যায়।
বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান বলেন, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ভুক্তভোগীর স্বামীর অভিযোগের ভিত্তিতে আমরা জিজ্ঞাসাবাদের জন্য সজল মল্লিক নামের এক যুবককে আটক করেছি।




