মানছুরা আক্তার আঁখি’র গল্প “ক্রান্তিকাল”

“ক্রান্তিকাল”
মানছুরা আক্তার আঁখি

দক্ষিণদিকের জানলাটা দিয়ে প্রাণজুড়ানো হাওয়া বয়ে আসে। হাসপাতালে আসার পর থেকে প্রতিদিন সকালের এই হাওয়া যখন রুমে প্রবেশ করে খুব ভালো লাগে আমার।

মা ফজর নামাজ পড়ে আমার কপালে হাত দিয়ে দেখে, স্যালাইন ঠিক মত যাচ্ছে কিনা সেটা চেক করে। এই যত্নটুকু আমার মনে একধরনের প্রশান্তি জোগায়। তরল খাওয়ারের উপরে বাঁচি এখন।

CSB Ad

ও,বলা হয়নি। আমি নীলা। সদ্য হসপিটালে ভর্তি হওয়া এক ব্লাড ক্যান্সারের রোগী। শরীরের রক্তকণিকাগুলো অস্বাভাবিকতায় এতটা মাতবে বুঝিনি। যে রক্ত শরীরে শক্তি আনতো তারই অস্বাভাবিকতায় এখন প্রতিদিন আমি শক্তিহীন হয়ে পড়ি।

প্রতিরাতে আমি ঘুমালে মা পাশে বসে কাঁদে। বুঝতে পারি আমি কিন্ত কখনও শান্তনা দেইনা। কারন এই কান্নার মূল্যটা আমি বুঝি। সারাজীবনের এই কষ্ট লাঘবের কোন রাস্তা আমার জানা নাই।

এই পৃথিবীতে বেঁচে থাকার দিনগুলো ক্রমেই কমে যাচ্ছে আমার। বাবার বড় সন্তান হওয়ার সুবাদে সদ্য স্নাতক পাশ মেয়েটা যখন চাকুরির সন্ধানে না ছুটে হাসপাতালের বেডে  শুয়ে মৃত্যুর দিন গুনে এর থেকে পরাজয় হয়তো কিছু হয়না।

একটা ছোট সংসারের স্বপ্ন আমিও দেখতাম। নিজের গোছানো সংসার। গিন্নী হয়ে পরিবার সামলানোর স্বপ্ন।
কিন্তু নিয়তির এই নিয়ম আমাকে মানতেই হবে।

সবকিছু নিয়ে আমার জীবনটা খুব সুন্দর চলছিল।
একমাস আগে হঠাৎ ই শরীরে খুব জ্বর আসে। খুব দূর্বল হয়ে পড়ি, কাশির সাথে প্রচুর রক্ত যাচ্ছিল। তাৎক্ষণিক আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার চাচা কয়েকটা ব্লাড টেস্ট দিলেন। আমরা টেস্টগুলো করে বাড়ি ফিরে আসলাম।

২দিন পর রিপোর্ট আসলো। বাবা গেলেন রিপোর্ট আনতে। উনি বাড়ি ফিরে চুপ করে বসে রইলেন।আমি খুব দূর্বল হওয়ায় ডাক্তার বেডরেস্ট দিয়েছিলেন। মা বাবার কাছে গেলেন।
-কি এসেছে রিপোর্ট-এ? মা জিজ্ঞেস করলেন।
বাবা কিছু না বলে হাউমাউ করে কান্না করতে শুরু করলেন।
বাবাকে কখনো কাঁদতে দেখিনি আমি। সেদিন আমার জন্য বাবা অনেক কাঁদলেন। ততক্ষণে আমার বুঝার বাকি রইলোনা আমার যে কঠিন কোন অসুখ হয়েছে।

সেদিনের পর থেকে আমাকে অনেক যত্ন করা হয়। কাশি দিলে, একটু ক্লান্ত লাগলে যেন সবাই ব্যস্ত হয়ে পড়ে। আমার জন্য পরিবারের সবার কষ্টটা বুঝতে পারি আমি। তবু ওদের সান্তনা দেওয়ার জন্য কোন ভাষা পাইনি আমি।

দিন বিশেক পর একদিন হঠাৎ খুব শরীর খারাপ হয় আমার।এম্বুলেন্স ডেকে আমাকে হসপিটালে আনা হয়।
ডাক্তার ভর্তি করতে বলে। সেদিন বাড়ি থেকে বের হওয়ার সময় মনে হয়েছিল আমি কি আর কখনও জীবিত নিজের ঘরে ফিরবো?

আমার শ্বেত কণিকাগুলো আমায় আর পাহারা দিতে পারলোনা।ওরা তো নিজেরাই আর ঠিক রইলোনা।

-নীলা এখন কেমন লাগছে মা? মায়ের ডাকে কল্পনার জগৎ থেকে ফিরে আসলাম।
-ভালো মা। শুনো মা,পর্দাটা একটু টেনে দাও।আলোটা আসুক।
-আচ্ছা দিচ্ছি।
বলে মা পর্দাটা সরিয়ে দিলো।

আমি বরাবরই একটু একা থাকতাম। নিজের একটা কাল্পনিক জগৎ আছে। যেখানে রাজ্য সাজিয়ে রাজকন্যা হয়ে ঘুরতাম। তাই বাস্তব জীবনে আমার বিচরনটাও তেমন ছিল না।

প্রতিদিন ৯-১০টার মধ্যে ফারিন আসে আমাকে দেখতে।আমার ছোট বোন ফারিন।বন্ধু ও বলা যায়।সবসময় আমার সার্পোটার ও। অনেক বুঝে আমাকে।

রুমে ঢুকে আমার বেডের পাশের চেয়ারটাতে বসলো।
-কেমন আছিস আপু?
-ভালো,তুই? বাবা কেমন আছে?
-ভালো,বিকালে আসবে বাবা।
একটা কথা বলবো?
-বল।
-আপু শুভ্র ভাইয়া বিদেশ চলে যাচ্ছে।আমি খবরটা শুনে ই তোকে জানতে এলাম। তোর অসুস্থতার কথা জানবো আমি?
-নাহ। জানাইস না। ওর এতদিনের পরিশ্রম, স্বপ্ন। ওর স্বপ্ন পূরনের পথ চলা আমি বাধাঁ হতে চাই না।
-কিন্ত তোর সাথে তো দেখা করতে চাইবে,কথা বলতে চাইবে তখন?

-বলিস আমি ওর সাথে কথা বলতে চাইনা।আর আমার সাথে যেন যোগাযোগ না করে। ওর খারাপ লাগবে এইটা চাইনা আমি।
-আচ্ছা, আমি তাই করবো।
ফারিন চলে যাওয়ার পর শুভ্রকে নিয়ে যেন ভাবনাটা বাড়তে লাগলো আমার। খুব পছন্দ করতাম আমি ওকে।করতাম বললে ভুল হবে। খুব পছন্দ করি। বলেছিলাম,
কিন্ত বন্ধুত্বের বাহিরে ও আমায় চায়নি।অভিমানটা অনেক ছিল আমার, কিন্ত অভিযোগ আর করিনি। যেদিন শেষবারের মত কথা হয়েছিল শুধু ভেবেছিলাম মানুষটাকে ছাড়া বাঁচবো কিভাবে আমি?
সেদিনের সে প্রশ্নের জবাবটা আজ পেলাম।ওকে ছাড়া আমায় বেশিদিন বাঁচতে হবে না। আমাদের খুনসুঁটি সম্পর্কেতেই আমার ভালোবাসা বেঁচে থাকবে।

বিকালে বাবা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিলো।মানুষটা সবটা দিয়ে চেষ্টা করছে আমায় সারিয়ে তুলতে।কিন্ত হয়তো শেষটা আর হবেনা।
-মা রে কেমন লাগছে এখন?
-ভালো বাবা।তুমি?
-ভালো আছি। তুই চিন্তা করিস না, আমি ডাক্তারের সাথে কথা বলবো।তোর উন্নত চিকিৎসার ব্যবস্থা করবো।তুই ভালো হয়ে যাবি মা।
-আচ্ছা।
কথাগুলো বলে বাবার চোখ দুটি জলে ভরে উঠলো। কিন্ত আমার সামনে নিজেকে খুব কষ্ট করে সামলে নিলেন।
উঠে মায়ের কাছে গেলেন। আমি জানি এখন বাবা বাচ্ছাদের মত কাঁদবে। মা ও কাঁদবে। কিন্ত আমি অসহায় সন্তান ওদের চোখের পানি মুচে দিতে পারবো না।

ইদানিং শরীরটা বেশ খারাপ লাগে। খুব দূর্বল লাগে। প্রথমে বাহির থেকে তরল খাওয়া দিলেও এখন সবটাই স্যালাইন এর মাধ্যমে শরীরে আসে। হাসপাতালের বেডে  শুয়ে জীবনের শেষদিনগুলো কেটে যাবে হয়তো, এমন কারোই কাল্পনায় থাকেনা।

বিকাল থেকে হঠাৎই শরীরটা খারাপ হয়ে গেছে অনেক। মনে হচ্ছে দম আটকে আসছে।জোরে জোরে শ্বাস ফেলতে হচ্ছে। মা খুব ভয় পেয়ে গেলেন। উনি চিৎকার শুরু করলেন। ডাক্তারের রুমে বাবা তখন কথা বলতে গেছিলেন।
মায়ের কান্না শুনে সবাই ছুটে আসলো। আমি শুধু আওয়াজটা শুনতে পেলাম, তাকানোর শক্তি ছিলনা।ডাক্তার আমার পালস, হার্টবিট চেক করলেন। উনি তাৎক্ষণিক আমাকে একটা ইনজেকশন পুস করলেন।
কিছুক্ষণের মধ্যে আমার শ্বাসকষ্ট কমে আসলো। কখন ঘুমালাম টের পাইনি।

রাতের আকাশটা দেখতে খুব ভালো লাগতো আমার। মাঝরাতে ঘুম ভেঙে বারান্দায় দাঁড়িয়ে পূর্ণ চাঁদের আলো মাখতে শরীরে, চোখে বেশ লাগে আমার।
আজ জালানা দিয়ে চাঁদের আলো আমার শরীরের উপর পড়ছে। মায়ের দিকে তাকিয়ে দেখলাম ঘুমিয়ে পড়েছে।
চাঁদের আলো মায়ের মুখের উপর পড়ছে। কি যে মায়া লাগছে আমার। মন চাইছিল জড়িয়ে ধরে বলি-মা আমি বাঁচতে চাই, তোমাদের কষ্ট আমার আমর সহ্য হচ্ছে না।
কিন্ত আমি সেটুকুর সাহস পাইনি। উঠার শক্তিও যেন কমে গেছে।

আমি আবার চাঁদের আলোর দিকে তাকালাম। শুভ্রকে নিয়ে এমন একটা চাঁদনি রাতে রেললাইনের উপর হেঁটে জোছনা ছোঁয়ার ইচ্ছেটা আমার ইহলোকে পূর্ণ হবেনা।

আজকে শরীরটা একটু বেশি খারাপ আমার। কথা বলতে পারছিনা। ডায়রিটা লিখতে আঙ্গুলগুলো আর সাড়া দিচ্ছে না। মনে হচ্ছে আমার পা থেকে মাথা পর্যন্ত একটা শীতলতা বয়ে যাচ্ছে। পা নাড়তে পাড়ছিনা। সবার কথা বেশ মনে পড়ছে। বাবা-মা, ফারিন আর শুভ্রকে। শেষবারের মত ওকে দেখতেও পাবো না আমি। খুব ইচ্ছে করছে আমার।কিন্ত সৃষ্টিকর্তা এইটুকু ভাগ্যলিপিতে লিখেনি আমার।

ডাইরির এইটুকু পড়ে বন্ধ করে বসে রইল শুভ্র। ১ বছর আগে নীলা মারা গিয়েছে এইটা সে জানতোনা। যাওয়ার আগে অনেকবার ওর সাথে যোগাযোগের চেষ্টা করেছিল। কিন্ত পারেনি।আজ এক বছর পর দেশে এসে নীলার বান্ধবীর কাছে সব জানতে পারে শুভ্র। নীলার বাড়ির ঠিকানা জোগাড় করে তার বাড়ি আসে।ফারিন চিনতো তাকে।

বসার ঘরে তাকে বসতে দিয়ে ভেতরের ঘরে গিয়ে নীলার ডায়রিটা এনে সে তা শুভ্রকে দেয়।
-ভাইয়া আপু জীবনের শেষ দিনটা পর্যন্ত আপনাকেই পছন্দ করেছে। আর আপনাকে রেখেই না ফেরার দেশে চলে গেলো।

কথাটা শেষ হতেই ডায়রির শেষ পৃষ্ঠাটা উল্টালো সে।
ডায়রির শেষ পৃষ্ঠায় একটা লাইন লিখেছিল নীলা, যা ছিল-

“আমি বেঁচে রব কোন এক প্রভাতের আলোয়

তুমি, তোমরা, তোমাদের চোখে,

শত বর্ষের আলোকজগৎ হয়ে”

Share This:
You might also like