মত প্রকাশের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অংশ

অপপ্রচার ও গুজবকে কীভাবে জবাবদিহির আওতায় আনা যায় সেটির একটি কাঠামো দাঁড় করাতে চান নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন তথ্যের অবাধ প্রবাহ ও মত প্রকাশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার অংশ। গতকাল সচিবালয়ে প্রতিমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার হচ্ছে। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলধারার গণমাধ্যমের লোগো ব্যবহার করেও অপপ্রচার হয়। এ অপপ্রচার রোধ করতে আমরা চিন্তা করি মত প্রকাশের স্বাধীনতা যেন বাধাগ্রস্ত না হয়, গণমাধ্যমের স্বাধীনতা যেন বাধাগ্রস্ত না হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম বিস্তৃতি ঘটে এ জায়গায় এসেছে। কাজেই নতুনভাবে ভেবে কর্মকৌশল নিতে হবে। যদি অপপ্রচার অবাধ ও স্বাধীনভাবে বিস্তৃতি লাভ করার সুযোগ পায় তাহলে কিন্তু কোনো কিছুই দিনশেষে গণতন্ত্রের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবে না। সেটা গণমাধ্যমের স্বাধীনতা বলি আর যাই বলি।

বিজ্ঞাপন
সেখানে আমাদের একটি কর্মকৌশল নিতে হবে আলাদা করে। নতুন প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ এ আরাফাত বলেন, গণমাধ্যমের বিকাশ ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে বিদায়ী তথ্যমন্ত্রীর অভিজ্ঞতাও কাজে লাগাবেন তিনি। বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের একটা সম্পর্ক আছে। ভবিষ্যতে তিনি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের কাছ থেকে সহযোগিতা আশা করেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, কোনো গোষ্ঠী যদি অপপ্রচার করে, মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার করে, সেটা গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। কারণ, মানুষ তা চায় না। যখন কেউ সাধারণ মানুষকে ধোঁকা দেয়, অসত্য তথ্য দেয়, সেটা মানুষের ওপর অবিচার হয়।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মোহাম্মদ আলী আরাফাত বয়সে নবীন হলেও বিচক্ষণ। তারা একে অপরকে সহযোগিতা করবেন। সাংবাদিকদের জন্য অনেক কিছু করা হয়েছে। ভবিষ্যতে সেগুলোর ধারাবাহিকতা থাকবে।

Share This:
You might also like